বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ঢাকা

বৃষ্টির মাঝেও জুলাই জাদুঘর দেখার আগ্রহ কমেনি দর্শনার্থীদের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬ আগস্ট ২০২৬, ০৩:৫২ পিএম

শেয়ার করুন:

বৃষ্টির মাঝেও জুলাই জাদুঘর দেখার আগ্রহ কমেনি দর্শনার্থীদের
বৃষ্টির কারণে কিছুটা ভোগান্তি হলেও জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর ঘুরে দেখার আগ্রহে কোনো ভাটা পড়েনি দর্শনার্থীদের। ছবি: ঢাকা মেইল

সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি। কখনো ঝিরিঝিরি, আবার কখনো ভারী বর্ষণ। তবু ছাতা, রেইনকোট কিংবা ভেজা পোশাকেই দীর্ঘ লাইনে দাঁড়িয়েছিলেন মানুষ। বৃষ্টির কারণে কিছুটা ভোগান্তি হলেও জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর ঘুরে দেখার আগ্রহে কোনো ভাটা পড়েনি দর্শনার্থীদের। পরিবার, বন্ধু কিংবা স্বজনদের সঙ্গে নিয়ে বিভিন্ন বয়সী মানুষ এদিন জাদুঘরে এসে জুলাইয়ের স্মৃতি, আন্দোলনের নানা আলোকচিত্র, দলিল, নিদর্শন ও শহীদদের স্মরণে সংরক্ষিত বিভিন্ন উপকরণ ঘুরে দেখেন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) রাজধানীর জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে গিয়ে এমন চিত্র দেখা যায়। সকাল থেকে আকাশ মেঘলা থাকলেও দর্শনার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। জাদুঘরের প্রবেশপথে টিকিট সংগ্রহের জন্য অনেককে অপেক্ষা করতে দেখা যায়। বৃষ্টির মধ্যে কেউ ছাতা মাথায়, কেউ গাছের নিচে, আবার কেউ ভবনের ছাউনির নিচে দাঁড়িয়ে অপেক্ষা করেছেন।

জাদুঘরের ভেতরে প্রবেশের পর দর্শনার্থীরা একে একে বিভিন্ন গ্যালারি ঘুরে দেখেন। আন্দোলনের বিভিন্ন সময়ের আলোকচিত্র, ব্যবহৃত সামগ্রী, ভিডিওচিত্র ও সংরক্ষিত নথি মনোযোগ দিয়ে দেখেন অনেকে। প্রদর্শনীগুলোর সামনে দাঁড়িয়ে নিজেদের মধ্যে আলোচনা করতেও দেখা যায়। কেউ ছবি তুলেছেন, আবার কেউ নীরবে পুরো পরিবেশ অনুভব করার চেষ্টা করেছেন।

d6abaa34-2147-4e5c-a91c-5108284d09c9

পরিবার নিয়ে জাদুঘরে আসা মাহমুদুল হাসান নামের এক দর্শনার্থী বলেন, ‘বৃষ্টির কারণে আসা নিয়ে কিছুটা দ্বিধা ছিল। কিন্তু পরে মনে হয়েছে, এমন একটি জায়গা দেখার জন্য আবহাওয়া বাধা হতে পারে না। এখানে এসে অনেক কিছু কাছ থেকে জানার সুযোগ হয়েছে।’

আরেক দর্শনার্থী ফাহিম জানান, জুলাইয়ের ঘটনাগুলো নিয়ে অনেক শুনেছেন। তাই জাদুঘরটি সাধারণ মানুষের জন্য উন্মুক্ত হওয়ার পর থেকেই আসার পরিকল্পনা করেছিলেন। বৃষ্টি হলেও সেই পরিকল্পনা বদলাননি। বরং মনে হয়েছে, ইতিহাসকে কাছ থেকে দেখার সুযোগ হাতছাড়া করা উচিত নয়।

মুঞ্জেরিন তাবাসসুম ঊর্মি নামের এক শিক্ষার্থী বলেন, ‘বই বা সামাজিক যোগাযোগমাধ্যমে যা দেখা যায়, বাস্তবে এখানে এসে তার চেয়ে অনেক বেশি অনুভব করা যায়। প্রতিটি গ্যালারি ঘুরে দেখতে গিয়ে আন্দোলনের নানা মুহূর্ত যেন চোখের সামনে ভেসে উঠছিল।’

9457fe47-00e7-4b6b-bfdd-fb801f96c9fc

দর্শনার্থীদের অনেকেই বলেন, ‘এমন জাদুঘর শুধু স্মৃতি সংরক্ষণের জন্য নয়, নতুন প্রজন্মকে ইতিহাসের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ারও একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। তাই আবহাওয়া যেমনই হোক, সুযোগ পেলেই এখানে আসা উচিত।’

জাদুঘর কর্তৃপক্ষের সংশ্লিষ্টরা জানান, বৃষ্টির কারণে কিছু সময় দর্শনার্থীদের চলাচলে ধীরগতি দেখা গেলেও সকাল থেকেই মানুষের আগমন অব্যাহত ছিল। অনেকে পরিবার-পরিজন নিয়ে এসেছেন, আবার অনেক শিক্ষার্থী ও তরুণ দলবেঁধে জাদুঘর পরিদর্শন করেছেন।

এএইচ/এমআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর