অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে বলে দাবি করেছে বিদ্যুৎ বিভাগ। এই ধরনের প্রচারের তীব্র প্রতিবাদ জানিয়ে বিভাগটি বলেছে, অতিরিক্ত বিল সংক্রান্ত যেসব অভিযোগ পাওয়া গেছে, সেগুলোর নিষ্পত্তি ইতোমধ্যে সংশ্লিষ্ট বিতরণ সংস্থার মাধ্যমে করা হয়েছে। তবে কোনো গ্রাহকের এ বিষয়ে অভিযোগ থাকলে প্রমাণসহ আবেদন করলে তা গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সোমবার (৩ আগস্ট) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে কিছু ব্যক্তি বা গোষ্ঠী উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালাচ্ছে। এ বিষয়ে বিদ্যুৎ বিভাগ তীব্র প্রতিবাদ জানাচ্ছে। অতিরিক্ত বিল সংক্রান্ত যেসব অভিযোগ পাওয়া গেছে, সেগুলো বিদ্যুৎ বিভাগ ও সংশ্লিষ্ট বিতরণ সংস্থাগুলো ইতোমধ্যে সমাধান করেছে। ফলে এ নিয়ে বিভ্রান্তি ছড়ানোর কোনো সুযোগ নেই।
এতে আরও বলা হয়, কোনো গ্রাহকের অতিরিক্ত বিদ্যুৎ বিল সংক্রান্ত অভিযোগ থাকলে প্রয়োজনীয় প্রমাণপত্রসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করলে বিষয়টি তদন্ত করে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।
তবে কোনো ধরনের প্রমাণ ছাড়া শুধুমাত্র বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যে অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে মিথ্যা তথ্য প্রচার করা হলে দায়ী ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে।
এমআর/এফএ




