সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ঢাকা

‘প্রধানমন্ত্রীর চিহ্নিত সব সমস্যা দ্রুত সমাধান করতে হবে’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩ আগস্ট ২০২৬, ০১:০০ এএম

শেয়ার করুন:

‘প্রধানমন্ত্রীর চিহ্নিত সব সমস্যা দ্রুত সমাধান করতে হবে’
মো. শফিকুল ইসলাম খান

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর বিভিন্ন এলাকা পরিদর্শনের সময় যেসব সমস্যা ও ত্রুটি চিহ্নিত করেছেন, সেগুলো দ্রুত সমাধানে সংশ্লিষ্ট বিভাগগুলোকে নির্দেশ দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। তিনি বলেন, প্রধানমন্ত্রীর চিহ্নিত সব সমস্যা দ্রুত সমাধান করতে হবে এবং এ বিষয়ে কোনো ধরনের গাফিলতির সুযোগ নেই।

রোববার (২ আগস্ট) বিকেলে ডিএনসিসির প্রশাসকের সভাকক্ষে বিভাগীয় প্রধান ও আঞ্চলিক নির্বাহীদের নিয়ে আয়োজিত এক জরুরি সভায় তিনি এসব নির্দেশনা দেন।

ডিএনসিসি প্রশাসক বলেন, গত ৩০ ও ৩১ জুলাই প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে সঙ্গে নিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিভিন্ন এলাকা সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রম, ময়লা ব্যবস্থাপনা, বৃক্ষরোপণ, সবুজায়ন, পানি নিষ্কাশন ব্যবস্থা এবং সার্বিক নগর ব্যবস্থাপনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।

তিনি বলেন, পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী নিজেই গাড়ি চালিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। ইসিবি চত্বর, মিরপুর ডিওএইচএস, দিয়াবাড়ি, উত্তরা, এয়ারপোর্ট সড়ক, কাকলী, মহাখালী, ফার্মগেট, মানিক মিয়া অ্যাভিনিউ, মোহাম্মদপুর, শ্যামলী, শেওড়াপাড়া, কাজীপাড়া, মিরপুর-১০, কচুক্ষেত, বনানীসহ বিভিন্ন এলাকায় তিনি বিদ্যমান সমস্যা সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

প্রশাসক আরও বলেন, পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী বিভিন্ন স্থানে বিদ্যমান ত্রুটি চিহ্নিত করে কয়েকটি বিষয়ে অসন্তোষ প্রকাশ করেন এবং দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা অনুযায়ী যেসব এলাকায় সমস্যা শনাক্ত হয়েছে, সেগুলো অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি সংশ্লিষ্ট বিভাগীয় প্রধান ও আঞ্চলিক নির্বাহীদের উদ্দেশে বলেন, প্রত্যেক বিভাগকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। চিহ্নিত সমস্যাগুলোর দ্রুত সমাধান নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ নিতে হবে, যাতে নগরবাসী উন্নত ও কার্যকর সেবা পায়।

সভায় ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামানসহ সকল বিভাগীয় প্রধান, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা এবং নির্বাহী প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।

এএইচ/এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর