সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ঢাকা

‘আন্দোলন-সংগ্রামে আহত ও নিহতদের পাশে দাঁড়াবে সরকার’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২ আগস্ট ২০২৬, ১০:২৬ পিএম

শেয়ার করুন:

‘আন্দোলন-সংগ্রামে আহত ও নিহতদের পাশে দাঁড়াবে সরকার’
প্রেসক্লাবে ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশন ও ‘আমরা বিএনপি পরিবার’আয়োজিত অনুষ্ঠানে কথা বলছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী

দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামে আহত ও নিহতদের অবদান রাষ্ট্র কখনো ভুলে যাবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী। 

তিনি বলেছেন, পর্যায়ক্রমে আন্দোলনে আহত ও নিহতদের রাষ্ট্রীয়ভাবে সম্মান জানানো হবে এবং তাদের পাশে সহায়তার হাত বাড়াবে সরকার। তবে এ প্রক্রিয়ায় কিছুটা সময় ও ধৈর্য প্রয়োজন।

রোববার (২ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিপিজেএ) ও ‘আমরা বিএনপি পরিবার’র যৌথ উদ্যোগে আয়োজিত ‘ফ্যাসিবাদের ১৫ বছর ও চব্বিশের গণঅভ্যুত্থান’ শীর্ষক বিশেষ আলোকচিত্র প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সালেহ শিবলী বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ইতিহাসে অসংখ্য মানুষ জীবন দিয়েছেন, আহত হয়েছেন এবং পরিবার থেকে বিচ্ছিন্ন থেকেছেন। বিশেষ করে আন্দোলনে নিহত ও আহত সাংবাদিকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

তিনি বলেন, প্রত্যেক ত্যাগের মূল্যায়ন একদিনে সম্ভব নয়। তবে রাষ্ট্র ধীরে ধীরে সবার অবদান মূল্যায়ন করবে। প্রধানমন্ত্রী তারেক রহমান স্পষ্ট নির্দেশনা দিয়েছেন, দীর্ঘদিনের আন্দোলনে আহত ও নিহতদের পর্যায়ক্রমে রাষ্ট্রীয় স্বীকৃতি ও প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।

প্রেস সচিব বলেন, দেশ এমন একটি সময় অতিক্রম করেছে, যখন আন্দোলনে অংশ নেওয়া সবাই সমান নিরাপত্তা পেতেন না। কিন্তু বর্তমান বাংলাদেশে প্রত্যেক নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যেই সরকার কাজ করছে। একটি নিরাপদ ও গণতান্ত্রিক রাষ্ট্র গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই একসঙ্গে নানা ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করছে। আন্তর্জাতিক যুদ্ধ পরিস্থিতি, অর্থনৈতিক চাপ এবং বিগত সরকারের রেখে যাওয়া সংকট কাটিয়ে উঠতে কাজ চলছে। এসব কারণে অনেক উদ্যোগ বাস্তবায়নে কিছুটা সময় লাগছে।

সালেহ শিবলী আরও বলেন, গত ১৫ বছরে যেসব নির্যাতন-নিপীড়নের ঘটনা ঘটেছে, সেই পরিস্থিতি থেকে দেশকে বের করে আনতে সরকার কাজ করছে। এ কারণে নতুন সরকারকে কিছুটা সময় দেওয়ার আহ্বান জানান তিনি। একইসঙ্গে তিনি বলেন, ইতোমধ্যে পরিবর্তনের ইতিবাচক লক্ষণ দৃশ্যমান হতে শুরু করেছে।

তিনি আরও বলেন, শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে পুনর্গঠনের কার্যক্রম অব্যাহত থাকবে। নিরাপদ, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে সাংবাদিক, আলোকচিত্রীসহ সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন।

অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, প্রধানমন্ত্রীর উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বাংলাদেশ ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে এম মহসীন, সাধারণ সম্পাদক বাবুল তালুকদার, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি রাশেদুল হক, বিপিজেএর সহসভাপতি মশিউর রহমান সুমন, অর্থ সম্পাদক নাসিম শিকদার, দপ্তর সম্পাদক ফরিদ আহমেদসহ সাংবাদিক, আলোকচিত্রী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এএইচ/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর