পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ দুবাই পুলিশের হেফাজত থেকে মুক্তির বিষয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কাছে কোনও তথ্য নেই বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলী।
রোববার (২ আগস্ট) বিকেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দুবাইয়ে বেনজীরের মুক্তির বিষয়টি গণমাধ্যমের খবরের মাধ্যমে দুদক জানতে পেরেছে। আপনারা যেভাবে গণমাধ্যমের কল্যাণে বিষয়টি জেনেছেন, আমরাও সেভাবেই জেনেছি।
আরও পড়ুন: দুদক সচিব হিসেবে যোগ দিলেন সাইদুর রহমান
তিনি বলেন, আইনি যে পদক্ষেপ নেওয়া প্রয়োজন, সংশ্লিষ্ট বিভাগ তা নেবে। বেনজীরকে দেশে ফিরিয়ে আনতে গত ১৬ জুন ইংরেজি ও আরবি ভাষায় দুটি প্রত্যর্পণ প্রস্তাবনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়।
নিয়ম অনুযায়ী, বিদেশে গ্রেফতার কোনো আসামিকে দেশে ফেরাতে গ্রেফতারি পরোয়ানা, এজাহার, অভিযোগপত্র ও অপরাধের বিস্তারিত তথ্য সংযুক্ত করে প্রত্যর্পণ প্রস্তাব তৈরি করা হয়।
এর আগে, দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বেনজীর আহমেদের বিরুদ্ধে একাধিক মামলা করেছে দুদক। এসব মামলার তদন্তে তার বিপুল পরিমাণ সম্পদের তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে সংস্থাটি। এছাড়া তার বিরুদ্ধে পাসপোর্ট জালিয়াতি ও অর্থপাচারের অভিযোগেও তদন্ত চলছে।
একেএস/এআরএম




