শনিবার, ১ আগস্ট, ২০২৬, ঢাকা

কেমন আছে সেই আলোচিত ‘ডোনাল্ড ট্রাম্প’?

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১ আগস্ট ২০২৬, ০৮:২২ পিএম

শেয়ার করুন:

কেমন আছে সেই আলোচিত ‘ডোনাল্ড ট্রাম্প’?
‘ডোনাল্ড ট্রাম্প’ নামের আলোচিত সেই মহিষটি

ডোনাল্ড ট্রাম্পের কথা মনে আছে? না, সে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র আমেরিকার প্রেসিডেন্ট না। বলা হচ্ছে নারায়ণগঞ্জের একটি খামারে লালিত-পালিত অ্যালবিনো জাতের আলোচিত সেই মহিষটার কথা। 

চুলের স্টাইল আর মুখের গড়ন অনেকটা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো হওয়ায় খামারি শখ করে মহিষটার নামই ‘ডোনাল্ড ট্রাম্প’ রেখে দেন। এতেই গেল কোরবানির ঈদের আগে রাতারাতি আলোচনার কেন্দ্রে চলে আসে মহিষটি।

চড়া দামে বিক্রিও হয়ে গিয়েছিল ‘ডোনাল্ড ট্রাম্প’। কিন্তু শেষ পর্যন্ত ক্রেতা আর তাকে রাখতে পারেননি। দেশজুড়ে ব্যাপক আলোচনার জেরে খোদ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ মহিষটিকে কিনে চিড়িয়াখানায় দিয়ে দেন।

এখন কোথায় আছে, কেমন আছে সেই ডোনাল্ড ট্রাম্প?

খোঁজ নিয়ে জানা গেছে, মহিষটি এখন রয়েছে সাভারের বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে (বিএলআরআই)। জাতীয় চিড়িয়াখানা থেকে গবেষণা ও নিবিড় পরিচর্যার জন্য সেখানে নেওয়ার পর মহিষটি বর্তমানে সুস্থ রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

শনিবার (১ আগস্ট) প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট পরিদর্শনে গিয়ে ‘ডোনাল্ড ট্রাম্প’কে কাছ থেকে দেখেছেন অনেক দর্শনার্থী। তাদের মধ্যে একজন শাফিউল ইসলাম। তিনি জানান, আলোচিত এই মহিষটিকে দেখে তারা বেশ আনন্দিত হয়েছেন।

পরিদর্শনে যাওয়া আরেক দর্শনার্থী বলেন, ‘গতকাল সাভারের প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট ঘুরতে গিয়ে সেখানে দেখা হয়ে গেল বহুল আলোচিত মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’-এর সঙ্গে। সুযোগটা হাতছাড়া না করে বাপ-ছেলে মিলে তার সঙ্গে ছবিও তুলে ফেললাম। ইনস্টিটিউটের কর্মকর্তাদের কাছ থেকে জানতে পারলাম, আলোচনায় আসার পর সরকারের পক্ষ থেকে প্রথমে ‘ডোনাল্ড ট্রাম্প’কে জাতীয় চিড়িয়াখানায় রাখা হয়েছিল। পরে অসুস্থ হয়ে পড়লে তাকে চিকিৎসা ও পরিচর্যার জন্য প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে আনা হয়। বর্তমানে সে সেখানেই রয়েছে এবং সুস্থভাবেই আছে।’

2

বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের এক কর্মকর্তা বলেন, ‘মহিষটিকে জাতীয় চিড়িয়াখানা থেকে আ‘মাদের কাছে হস্তান্তরের পর নিয়ম অনুযায়ী কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এসময় তার স্বাস্থ্যগত সব দিক নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। এখন পর্যন্ত তার শারীরিক অবস্থা সন্তোষজনক। এটি এখন আমাদের গবেষণা ইউনিটেই রয়েছে।’

তিনি আরও জানান, প্রথমে মহিষটিকে ২৩ দিনের কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল। পরে সেটি আরও কয়েকদিন পর্যবেক্ষণে ছিল। এই সময়ে সাধারণ সংক্রামক রোগ আছে কি না, তা পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। বর্তমানে এটি খামারে স্বাভাবিক ব্যবস্থাপনায় রয়েছে। মহিষটির স্বাস্থ্য ভালো আছে এবং এখন পর্যন্ত কোনো ধরনের সমস্যা দেখা যায়নি। তবে আমরা লক্ষ্য করেছি, মহিষটির ওজন কিছুটা বেশি। এখন আমরা গবেষণার অংশ হিসেবে দেখতে চাই, এটি প্রজননে সক্ষম কি না এবং এর মাধ্যমে বাচ্চা উৎপাদন সম্ভব কি না। এসব বিষয় নিয়ে আমাদের কাজ শুরু হয়েছে।’

আলোচিত এই মহিষটির যাত্রা শুরু হয়েছিল নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ায় জিয়া উদ্দিন মৃধার ‘রাবেয়া অ্যাগ্রো ফার্মে’। অ্যালবিনো জাতের মহিষটির সাদা লোম আর মাথার বিশেষ ধরনের চুল দেখে তার ভাই মজার ছলে নাম রাখেন ‘ডোনাল্ড ট্রাম্প’। এরপর নামটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

গত ১২ মে মহিষটিকে নিয়ে বিভিন্ন মাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ার পর দেশ-বিদেশের বিভিন্ন গণমাধ্যমেও প্রতিবেদন প্রকাশিত হয়। পরে আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও ‘ডোনাল্ড ট্রাম্প’কে নিয়ে প্রতিবেদন ও ভিডিও প্রকাশিত হয়। আলোচনার মধ্যেই জিয়া উদ্দিন মৃধা মহিষটি কেরানীগঞ্জের জিনজিরার বাসিন্দা মনিরুজ্জামানের কাছে বিক্রি করেন।

কোরবানির ঈদ সামনে রেখে গত ২৫ মে মহিষটিকে কেরানীগঞ্জে নেওয়া হলেও ঈদের আগের দিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপে পুলিশ সেটিকে উদ্ধার করে। প্রথমে কেরানীগঞ্জ থানায় রাখা হয় এবং পরে স্থানান্তর করা হয় মিরপুরের জাতীয় চিড়িয়াখানায়। 

সেখানে কিছুদিন রাখার পর প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনায় গবেষণা ও বিশেষ পরিচর্যার জন্য মহিষটিকে সাভারের বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে হস্তান্তর করা হয়। বর্তমানে এটিই ‘ডোনাল্ড ট্রাম্পের’ ঠিকানা।

এএইচ/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর