ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের আওতায় আশুলিয়া সেতু অপসারণের প্রস্তুতিমূলক নির্মাণকাজ চলমান থাকায় আশুলিয়া নৌপথে চলাচলকারী সব ধরনের নৌযানকে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে চলাচলের নির্দেশ দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। বিশেষ করে তেলবাহী ট্যাংকার, কার্গো ও অন্যান্য বড় আকারের নৌযানকে বিআইডব্লিউটিএর নির্ধারিত পাইলটের সহায়তায় চলাচল বাধ্যতামূলক করা হয়েছে।
সম্প্রতি বিআইডব্লিউটিএর নৌপথ শাখা থেকে জারি করা এক বিশেষ নৌ-সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আশুলিয়া সেতুর ভাটির দিকে নদীর উভয় তীরে পাইল স্থাপন ও স্টেজিং নির্মাণের কাজ চলছে। একই সঙ্গে প্রকল্প বাস্তবায়নে ব্যবহৃত ড্রেজার, বার্জ ও অন্যান্য কর্মযান নৌপথের কাছাকাছি অবস্থান করায় কার্যকর নৌচ্যানেল আগের তুলনায় অনেক সংকীর্ণ ও বাঁকযুক্ত হয়ে পড়েছে। ফলে নৌযান চলাচলে ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
বিআইডব্লিউটিএ জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে বিশেষ করে তেলবাহী ট্যাংকার ও বড় আকারের ভারী নৌযানের জন্য ওই এলাকায় নিরাপদে মোড় নেওয়া এবং সেতু-সংলগ্ন অংশ অতিক্রম করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সংকীর্ণ চ্যানেলে স্রোতের গতি ও চাপ বৃদ্ধি, দৃষ্টিসীমা কমে যাওয়া, নির্মাণাধীন পাইল বা স্টেজিংয়ের সঙ্গে সংঘর্ষ এবং নৌযানের নিয়ন্ত্রণ হারানোর মতো দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
এ কারণে আশুলিয়া সেতু অপসারণের কাজ শেষ হয়ে নৌপথ পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সব নৌযানকে বিআইডব্লিউটিএর নির্ধারিত পাইলটের সহায়তায় চলাচল করতে হবে। পাশাপাশি নির্ধারিত ড্রাফট মেনে চলাচলের নির্দেশও দেওয়া হয়েছে, যাতে নৌপথে কোনো ধরনের দুর্ঘটনা বা প্রতিবন্ধকতার সৃষ্টি না হয়।
নির্দেশনায় আরও বলা হয়েছে, নৌযান পরিচালনায় অবশ্যই দক্ষ মাস্টার, সারেং বা চালক নিয়োজিত রাখতে হবে। প্রতিকূল আবহাওয়ার সম্ভাবনা দেখা দিলে নৌযানকে নিরাপদ স্থানে নোঙর করতে হবে এবং প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে। এর মধ্যে রাতে নৌযানে সতর্কতামূলক বাতি জ্বালানো, প্রয়োজন অনুযায়ী ফগ সিগন্যাল ব্যবহার এবং ঘণ্টা বাজানোর মতো নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
বিআইডব্লিউটিএ জানিয়েছে, চলমান নির্মাণকাজের সময় নৌপথে নিরাপদ ও নির্বিঘ্ন নৌচলাচল নিশ্চিত করতেই এই বিশেষ সতর্কতামূলক নির্দেশনা জারি করা হয়েছে। সংশ্লিষ্ট সব নৌযান মালিক, মাস্টার, সারেং ও নাবিকদের নির্দেশনা কঠোরভাবে অনুসরণের আহ্বান জানিয়েছে সংস্থাটি।
এএইচ/এমআর




