তিন দিনের সফরে ঢাকায় এসে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর। বৈঠক শেষে তিনি জানিয়েছেন, আলোচনায় উল্লেখযোগ্য ইতিবাচক অগ্রগতি হয়েছে। একই সঙ্গে বাংলাদেশে ভ্রমণ পরিস্থিতির উন্নতির কথা জানিয়ে সুখবর দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দুই দেশের প্রতিনিধিদের মধ্যে দ্বিপক্ষীয় এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে সার্জিও গর বলেন, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা দারুণ হয়েছে। এতে ইতিবাচক অগ্রগতি হয়েছে।
পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি জানান, বাংলাদেশের সার্বিক পরিস্থিতিকে স্থিতিশীল হিসেবে বিবেচনা করছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। এর ভিত্তিতে যুক্তরাষ্ট্রের ভ্রমণ সতর্কতা (ট্রাভেল অ্যাডভাইজরি) লেভেল ৩ থেকে কমিয়ে লেভেল ২ করা হয়েছে।
আরও পড়ুন: বাংলাদেশ ও ভারতের মধ্যে একটি ভালো সম্পর্ক দেখতে চায় যুক্তরাষ্ট্র
সার্জিও গর বলেন, কিছু এলাকায় অতিরিক্ত বিধিনিষেধ রয়েছে, সেসব এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। তবে বাংলাদেশের জন্য ভ্রমণ সতর্কতা কমানোর সিদ্ধান্তকে তিনি ‘দারুণ খবর’ হিসেবে উল্লেখ করেন।
এর আগে বৃহস্পতিবার দুপুরে ঢাকায় পৌঁছে নিজের ভেরিফায়েড এক্স হ্যান্ডেলে দেওয়া এক পোস্টে সার্জিও গর জানান, বাংলাদেশের রাজধানীতে পৌঁছাতে পেরে এবং মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করতে পেরে তিনি আনন্দিত। আগামী দুই দিন ফলপ্রসূ বৈঠকের প্রত্যাশার কথাও জানান তিনি।
ঢাকা সফরে ব্যস্ত সময় পার করবেন ট্রাম্পের এই বিশেষ দূত। সফরের প্রথম দিনে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠকের পাশাপাশি রাতে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে তার বৈঠকের কথা রয়েছে।
সফরের দ্বিতীয় দিন শুক্রবার কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনে যাবেন সার্জিও গর। সেখানে রোহিঙ্গা পরিস্থিতি ও মানবিক কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করবেন তিনি।
চলতি বছরের ফেব্রুয়ারিতে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর এটি যুক্তরাষ্ট্রের তৃতীয় কোনো উচ্চপর্যায়ের কর্মকর্তার ঢাকা সফর। ফলে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক ও আঞ্চলিক কূটনীতির দৃষ্টিকোণ থেকে এ সফরকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা।




