বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ঢাকা

এখনও কাটেনি নতুন বাজার-রামপুরা সড়কের যানজট, স্থবির দুপাশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০ জুলাই ২০২৬, ১২:১১ পিএম

শেয়ার করুন:

এখনও কাটেনি নতুন বাজার-রামপুরা সড়কের যানজট, স্থবির দুপাশ
ছবি: ঢাকা মেইল

সপ্তাহের শেষ কর্মদিবসে গুড়িগুড়ি বৃষ্টি। রাজধানীর ব্যস্ত সড়কগুলোতে যানজটের জন্য এর থেকে বড় কোনো উপলক্ষের প্রয়োজন হয় না।  তবে এরই মাঝে বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোর রাতে রাজধানীর মেরাদিয়া সড়কে ট্রাক বিকল হওয়ায় রামপুরা-কুড়িল আসা ও যাওয়ার সড়ক কার্যত বন্ধ হয়ে গেছে। 

পরিবহন সংকটের বিষয়ে জানতে চাইলে কাইয়ুম মিয়া নামে রাইদা পরিবহনের এক চালক বলেন, 'দুইদিকেই গাড়ি আটকে আছে। এজন্য রোডে গাড়ি কম।'

ট্রাফিক পুলিশ কর্তৃপক্ষের পক্ষ থেকে ট্রাক সরানো ও যানচলাচল স্বাভাবিক হওয়ার আশ্বাস দেওয়া হলেও বেলা সোয়া ১১টা পর্যন্ত সড়কে সেটি দেখা যায় নি।

205d5764-00f7-472f-99d5-0b8e65891c01
গাড়ি সংকটে যাত্রীরা

জানা গেছে, ভোরে মেরাদিয়া এলাকায় সড়কে দুটি ট্রাক বিকল হয়ে পড়ে। এতে মুহূর্তের মধ্যেই সৃষ্টি হয় দীর্ঘ যানজট। এর প্রভাব পড়ে নতুনবাজার, বাড্ডা হয়ে রামপুরা পর্যন্ত সড়কে। 

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশ ট্রাফিকের রামপুরা জোনের এসি আসাদুজ্জামান ঢাকা মেইলকে বলেন, ‘ভোর চারটার দিকে বৃষ্টি হওয়ায় সড়কে হাঁটু পানি জমে ছিল। তখন দুটি ট্রাক রাস্তায় বিকল হয়ে যায়। সেই দুটির একটি সরানো হয়েছে। আরেকটি সরানোর কাজ চলছে। ট্রাক দুটি নষ্ট হওয়ার কারণে রাস্তা বন্ধ আছে। ফলে এই যানজটের সৃষ্টি হয়েছে।’

তবে যানজট রামপুরা পর্যন্ত সীমাবদ্ধ নয়, এর প্রভাব পড়েছে মালিবাগ রেলগেট মোড় থেকে বাসাবো পর্যন্ত। এলিভেটেড এক্সপ্রেস ওয়ের চলমান কাজ ও বৃষ্টিতে সড়ক ডুবে যাওয়ায় মালিবাগ-বাসাবো সড়কে যানজট সাধারণ চিত্র। এর সঙ্গে রামপুরা সড়কের জ্যাম যুক্ত হওয়ায় ভোগান্তি চরমে পৌঁছেছে। বাসাবো ফ্লাইওভারের উপরের প্রতি লেনেই তীব্র যানজট তৈরি হয়েছে।

এদিকে ইলশেগুঁড়ি বৃষ্টির মাঝে মালিবাগ, রামপুরা, মেরুল বাড্ডাসহ প্রগতি স্মরণী সড়কের যাত্রীরা তীব্র পরিবহন সংকটে পড়েছেন। 

1f6188dd-c0b2-4eff-9015-15d7e52ec851
ফ্লাই্ওভারেও যানজট 

মালিবাগ রেলগেটে গাড়ির অপেক্ষায় থাকা আবির হোসেন বলেন, ভার্সিটির উদ্দেশে কুড়িল যাবো। কিন্তু কোনো গাড়িই পাচ্ছি না। রাস্তায় অপর পাশে জ্যাম দেখছি, এই দিকটা ফাঁকা। কি সমস্যা হয়েছে তাও বুঝতে পারছি না।

মাহমুদুল হাসান নামে অপর এক যাত্রী উবার ও পাঠাওয়ে গাড়ি না পাওয়ার অভিযোগ করে বলেন, মগবাজার ওয়ারল্যাস থেকে নতুন বাজারে যাওয়ার জন্য পাঠাও কল করে অনেকক্ষণ অপেক্ষা করছি কিন্তু কোনো চালক কল গ্রহণ করছে না। দুই একজন লোকাল গাড়ির চালকের সঙ্গেও কথা বললাম, তারা বলছেন ওই সড়ক বন্ধ তাই ওইদিকে যাবেন না। শেষমেশ বাধ্য হয়ে মালিবাগ রেলগেট আসছি। যদি এখান থেকে বাইক বা বাস যা পাই।'

এমএইচ/এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর