বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ঢাকা

এনসিপির ওপর হামলা: রাজনৈতিক সহিংসতা বন্ধে কার্যকর পদক্ষেপের আহ্বান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯ জুলাই ২০২৬, ১০:৫৭ পিএম

শেয়ার করুন:

এনসিপির ওপর হামলা: রাজনৈতিক সহিংসতা বন্ধে কার্যকর পদক্ষেপের আহ্বান

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা নাসিরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমসহ দলটির নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সিটিজেন ইনিশিয়েটিভ।

একইসঙ্গে ঘটনার নিরপেক্ষ ও দ্রুত তদন্ত, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং রাজনৈতিক সহিংসতা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে সংগঠনটি।

বুধবার (২৯ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটি জানায়, বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, হামলায় নাসিরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলম আহত হন। এনসিপি এ হামলার জন্য বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদলের কর্মীদের দায়ী করেছে। 

এ ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে সিটিজেন ইনিশিয়েটিভ বলেছে, মতপার্থক্যের জবাব কখনোই হামলা, ভয়ভীতি বা সন্ত্রাসের মাধ্যমে হতে পারে না।

বিবৃতিতে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থান ছিল একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সহনশীল বাংলাদেশ প্রতিষ্ঠার প্রত্যাশার প্রতীক। অতীতে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এবং দীর্ঘদিন রাজনৈতিক নিপীড়নের শিকার রাজনৈতিক শক্তির সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সহিংসতার এমন অভিযোগ অত্যন্ত হতাশাজনক ও অনাকাঙ্ক্ষিত।

সংগঠনটি সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, ঘটনার নিরপেক্ষ, স্বচ্ছ ও দ্রুত তদন্ত নিশ্চিত করতে হবে। হামলায় জড়িত ব্যক্তি বা গোষ্ঠী যে রাজনৈতিক পরিচয়েরই হোক না কেন, তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।

একইসঙ্গে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি অভিযোগের বিষয়ে সাংগঠনিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, সহিংসতার বিরুদ্ধে সুস্পষ্ট অবস্থান ঘোষণা এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে সিটিজেন ইনিশিয়েটিভ।

এমআর/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর