রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে রোগীদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার সময় এক দালালকে আটক করেছে আনসার সদস্যরা। পরে তাকে সংশ্লিষ্ট থানা পুলিশে সোপর্দ করা হয়।
বুধবার (২৯ জুলাই) বেলা আনুমানিক ১১টার দিকে অভিযান চালিয়ে ওই দালালকে আটক করা হয়।
আটককৃতের নাম মো. লিটন মিয়া। তিনি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে গিয়ে কমিশনভিত্তিক দালালি কার্যক্রম পরিচালনা করেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ আনসার জানায়, ঢাকা মহানগর আনসার (ডিএমএ) পশ্চিম জোনের শেরেবাংলা নগর থানাধীন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের জরুরি বিভাগের সামনে দায়িত্বরত আনসার সদস্যরা লক্ষ্য করেন, এক ব্যক্তি দেশের বিভিন্ন প্রান্ত থেকে চিকিৎসাসেবা নিতে আসা রোগীদের দ্রুত চিকিৎসকের সাক্ষাৎ, উন্নত চিকিৎসা এবং স্বল্প খরচে সেবা পাওয়ার প্রলোভন দেখিয়ে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন।
বিষয়টি সন্দেহজনক মনে হলে প্লাটুন কমান্ডার (পিসি) মো. আমিনুল হক, এপিসি মো. জহিরুল ইসলাম, আনসার সদস্য কাওছার মিয়া এবং সাইফুল ইসলাম তাৎক্ষণিক অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে আটক করেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে হাসপাতাল এলাকায় রোগীদের বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে গিয়ে কমিশনভিত্তিক দালালি কার্যক্রম পরিচালনার কথা জানান।
পরবর্তীতে হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশক্রমে আটক ব্যক্তিকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানার পুলিশের কাছে সোপর্দ করা হয়।
একেএস/এএইচ



