বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ঢাকা

বাংলাদেশকে কম দামে ইউরিয়া সার দিতে চায় রাশিয়া

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ জুলাই ২০২৬, ১০:৩৬ পিএম

শেয়ার করুন:

বাংলাদেশকে কম দামে ইউরিয়া সার দিতে চায় রাশিয়া
বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদিরের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভিয়াচেস্লাভ সেন্টিউরিন। ছবি: সংগৃহীত

বাংলাদেশকে সরকার-টু-সরকার (জিটুজি) ভিত্তিতে প্রায় ২ লাখ ৮০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার সরবরাহের প্রস্তাব দিয়েছে রাশিয়া। দেশটি বর্তমানে বাংলাদেশ যেসব দেশ থেকে ইউরিয়া আমদানি করে, তার তুলনায় প্রতি মেট্রিক টনে ১০ মার্কিন ডলার কম দামে সার সরবরাহ করতে আগ্রহ প্রকাশ করেছে।

মঙ্গলবার (২৮ জুলাই) সচিবালয়ে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদিরের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত (দায়িত্বপ্রাপ্ত) ভিয়াচেস্লাভ সেন্টিউরিনের নেতৃত্বাধীন প্রতিনিধিদলের বৈঠকে এ প্রস্তাব দেওয়া হয়। 

বৈঠকে খাদ্যনিরাপত্তা, কৃষি সহযোগিতা, সার সরবরাহ এবং দুই দেশের মধ্যে সরকার-টু-সরকার বাণিজ্য সম্প্রসারণের বিষয় নিয়ে আলোচনা হয়।

রাশিয়ার প্রতিনিধিদল জানায়, দেশটির প্রতিষ্ঠান জেএসসি এফইসি প্রোডিনটর্গের মাধ্যমে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) কাছে ইউরিয়া সার সরবরাহ করতে চায় তারা।

বৈঠকে আশা প্রকাশ করা হয়, প্রস্তাবটি বাস্তবায়িত হলে বাংলাদেশের ইউরিয়া আমদানি ব্যয় কমবে এবং সারের নির্ভরযোগ্য সরবরাহ নিশ্চিত হবে।

আরও পড়ুন:

মন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির বাংলাদেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত গম ও মিউরিয়েট অব পটাশ (এমওপি) সার সরবরাহে রাশিয়ার সহযোগিতার প্রশংসা করেন।

তিনি বলেন, রাশিয়া বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু। পারস্পরিক স্বার্থের ভিত্তিতে দুই দেশের বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা আরও সম্প্রসারণের সুযোগ রয়েছে।

বৈঠকে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এবং রাশিয়ার জেএসসি এফইসি প্রোডিনটর্গের মধ্যে বিদ্যমান সমঝোতা স্মারকের আওতায় নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ বাড়ানোর বিষয়েও আলোচনা হয়।

রাশিয়া বাংলাদেশে সূর্যমুখী তেল, হলুদ মটরশুঁটি, ছোলা, লাল মসুর ডাল ও সবুজ মসুর ডালসহ বিভিন্ন খাদ্যপণ্য সরবরাহে আগ্রহ প্রকাশ করেছে। দেশটির প্রতিনিধিদল বাংলাদেশের খাদ্যনিরাপত্তা ও বাজার স্থিতিশীল রাখতে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে।

বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো এবং অর্থনৈতিক অংশীদারত্ব আরও শক্তিশালী করতে নিয়মিত যোগাযোগ রাখার বিষয়ে উভয় পক্ষ একমত হয়।

এ সময় শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর