মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের দেয়াল ধসে হতাহতের ঘটনা তদন্তে কমিটি গঠন করছে সরকার। রাজউক, গণপূর্ত ও সিটি করপোরেশনের সদস্যদের সমন্বয়ে এই কমিটি গঠিত হবে।
মঙ্গলবার (২৮ মে) সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শনকালে এ তথ্য জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।
এর আগে দুপুরে মিরপুর-২ এর মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের দেয়াল ধসে ২ জনের মৃত্যু হয়। আহত হন ৭ জন।
ডিএনসিসি প্রশাসক জানান, ‘একটি কমিটি তদন্ত গঠন করা হবে এবং কমিটির তদন্তের প্রতিবেদন প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
প্রশাসক বলেন, ‘কোনো মৃত্যুই কাম্য নয়। আজকের ঘটনার জন্য আমি অত্যন্ত মর্মাহত।’
তিনি বলেন, ‘দেয়ালটি ২০১৪ সালে নির্মাণ করা হলেও এখানে প্রয়োজনীয় নির্মাণ সামগ্রী দেওয়া হয়নি। এখানে আরসিসি করা হয়নি শুধুমাত্র ইটের উপর গাঁথুনি দিয়ে দেয়াল করা হয়েছে। এজন্য আজকে এই বড় দুর্ঘটনা ঘটেছে।’
ভবিষ্যতে যাতে আর কোনো দুর্ঘটনা না ঘটে সেজন্য স্কুল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা সাপেক্ষে বাকি দেয়ালগুলো মজবুত করা হবে বলেও জানান প্রশাসক। নিহত পরিবার ও আহতদের আর্থিকভাবে সহায়তা করা হবে বলেও জানান তিনি।
শফিকুল ইসলাম খান বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে আহতদের হাসপাতালে বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
পরিদর্শনকালে স্থানীয় সংসদ সদস্য (সংরক্ষিত নারী আসন) সানজিদা ইসলাম তুলিসহ সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এএম/এএইচ




