রাজধানীতে জাতীয় সংসদ ভবন চত্বরে অগ্নিকাণ্ড ঘটেছে। মঙ্গলবার (২৮ জুলাই) বিকেল সোয়া তিনটার দিকে সংসদের মূল ভবনের অবস্থিত গণপূর্ত বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে এ অগ্নিকাণ্ড ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে অল্প সময়ের মধ্যেই আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণও নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।
এদিকে অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এবং জাতীয় সংসদ সচিবালয়ের সচিব তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে ঘটনার বিবরণ শুনে প্রয়োজনীয় নির্দেশনা দেন।
এসময় অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সুপারিশ প্রদানের লক্ষ্যে একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেন ভারপ্রাপ্ত স্পিকার।
তদন্ত কমিটির প্রতিবেদন প্রাপ্তির পর অগ্নিকাণ্ডের কারণ ও সংশ্লিষ্ট বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত জানানো হবে বলে জানা গেছে।
এএইচ




