দেশের সব মাধ্যমিক বিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানকে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল’ প্রতিযোগিতা উপলক্ষে দল গঠন ও নিবন্ধন সম্পন্ন করার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)।
আগামী ৯ আগস্ট থেকে শুরু হবে এই টুর্নামেন্ট। তার জন্য ৭ আগস্টের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে মাউশি।
মঙ্গলবার (২৮ জুলাই) মাউশির জারি করা এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।
চিঠিটি মাধ্যমিক ও উচ্চশিক্ষার সব আঞ্চলিক পরিচালক, উপপরিচালক এবং জেলা শিক্ষা কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান আগামী ৯ আগস্ট চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রতিযোগিতা সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে নির্ধারিত নীতিমালা অনুযায়ী নিবন্ধন ফরম পূরণ করে প্রয়োজনীয় সব কাগজপত্র সংযুক্ত করতে হবে। পাশাপাশি অধ্যক্ষ বা প্রধান শিক্ষকের অগ্রায়ণপত্রসহ ফুটবল দল গঠন করে আগামী ৭ আগস্টের মধ্যে উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এতে আরও বলা হয়েছে, উপজেলা পর্যায়ে বিজয়ী দলের কাগজপত্র জেলা পর্যায়ে, জেলা পর্যায়ের বিজয়ী দলের কাগজপত্র আঞ্চলিক পর্যায়ে এবং আঞ্চলিক পর্যায়ে বিজয়ী দলের কাগজপত্র জাতীয় পর্যায়ে পাঠাতে হবে।
প্রতিযোগিতার প্রতিটি ধাপ নীতিমালা অনুসারে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে মাউশির চিঠিতে।
এমএইচ/এএইচ




