বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

রংপুরের উন্নয়নে জেগে ওঠার আহ্বান মির্জা ফখরুলের

জেলা প্রতিনিধি, রংপুর
প্রকাশিত: ২৭ জুলাই ২০২৬, ০৪:১৫ পিএম

শেয়ার করুন:

রংপুরের উন্নয়নে জেগে ওঠার আহ্বান মির্জা ফখরুলের
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

রংপুরের উন্নয়নে স্থানীয় মানুষের সক্রিয় অংশগ্রহণ, বিনিয়োগ বৃদ্ধি এবং দক্ষ জনশক্তি তৈরির ওপর গুরুত্বারোপ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘জাগো বাহে, রংপুরের মানুষ জেগে ওঠেন, জেগে উঠতে হবে। না হলে কিন্তু উন্নয়ন হবে না।’

সোমবার (২৭ জুলাই) দুপুরে রংপুর নগরীর শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) সুফলভোগীদের মধ্যে গাছের চারা ও ঋণের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, রংপুরের উন্নয়নে ক্ষুদ্র রাজনীতি পরিহার করে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তিনি ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, শুধু ঠিকাদারির পেছনে না ছুটে বিনিয়োগে এগিয়ে আসতে হবে। বর্তমানে দেশে বিনিয়োগের সুযোগ তৈরি হয়েছে এবং উদ্যোক্তাদের সহায়তায় সরকার বিভিন্ন উদ্যোগ নিচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

পল্লী উন্নয়ন শুধু সড়ক নির্মাণ বা বিদ্যুৎ সরবরাহের মধ্যে সীমাবদ্ধ নয় উল্লেখ করে মন্ত্রী বলেন, কৃষকের আয় বাড়াতে না পারলে প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। তিনি জানান, কৃষির উন্নয়নে সরকার ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণের সুদ মওকুফ করেছে। পাশাপাশি রংপুর অঞ্চলের কৃষি উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কৃষিকে লাভজনক করতে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

বেকার শিক্ষিত তরুণদের কারিগরি শিক্ষার ওপর গুরুত্বারোপ করে মির্জা ফখরুল বলেন, শুধু উচ্চশিক্ষার সনদ থাকলেই হবে না, দক্ষতা অর্জন করতে হবে। কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ নিলে বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়বে। তিনি বলেন, মধ্যপ্রাচ্যে কুমিল্লা ও সিলেট অঞ্চলের মানুষের উপস্থিতি বেশি হলেও রংপুরের মানুষের অংশগ্রহণ তুলনামূলক কম। এ ক্ষেত্রে দক্ষ জনশক্তি গড়ে তোলার প্রয়োজন রয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড ২০২২ সালে প্রতিষ্ঠিত হলেও এতদিন কার্যক্রম শুরু হয়নি। সম্প্রতি পরিচালক নিয়োগের মাধ্যমে প্রতিষ্ঠানটির কার্যক্রম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। জনবল নিয়োগ, কৃষকদের প্রশিক্ষণ এবং নতুন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে কৃষি উৎপাদন ব্যয় কমানো ও এলাকার উন্নয়নে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এর আগে সকালে রংপুর নগরীর টার্মিনাল মৎস্য আড়ত এলাকায় বিআরডিবির বিভাগীয় কার্যালয়ের উদ্বোধন করেন মির্জা ফখরুল। পরে তিনি রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে আয়োজিত পল্লী মেলার উদ্বোধন করেন এবং বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

অনুষ্ঠানে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রেজেকা সুলতানা ফেন্সি, রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শামসুজ্জামান সামু, রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম, জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন, জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলামসহ সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/এমআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর