রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর দেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।
এমন পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল মনে করেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতির দায়িত্ব পালনের জন্য একজন যোগ্য ব্যক্তি। তিনি বলেন, রাজনীতিবিদদের মধ্য থেকে কাউকে রাষ্ট্রপতি করা হলে মির্জা ফখরুলই হতে পারেন সবচেয়ে উপযুক্ত প্রার্থী।
শুক্রবার (২৪ জুলাই) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে এ মন্তব্য করেন আসিফ নজরুল। পোস্টে তিনি লেখেন, বাংলাদেশের পরবর্তী প্রেসিডেন্ট কে হচ্ছেন? আমার মতে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ পদে যোগ্য ব্যক্তি।
এর পক্ষে যুক্তি তুলে ধরে তিনি বলেন, শেখ হাসিনার শাসনামলে বিএনপির মহাসচিব হিসেবে মির্জা ফখরুল দলকে নেতৃত্ব দিয়েছেন, নানা ধরনের নির্যাতনের শিকার হয়েছেন এবং দীর্ঘ রাজনৈতিক ত্যাগ স্বীকার করেছেন। তার ভাষায়, রাজনীতিবিদদের মধ্যে মির্জা ফখরুল একজন মডারেট, সদাচারী ও সুবক্তা।
আসিফ নজরুল আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মির্জা ফখরুলের দীর্ঘদিনের বোঝাপড়ার সম্পর্ক রয়েছে। একই সঙ্গে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কাছেও তিনি সন্তানসম ছিলেন।
তবে বিএনপিতে রাষ্ট্রপতি হওয়ার মতো আরও উপযুক্ত ব্যক্তি রয়েছেন বলেও মন্তব্য করেন তিনি। এরপরও সবদিক বিবেচনায় মির্জা ফখরুলই এগিয়ে থাকবেন বলে নিজের মত প্রকাশ করেন সাবেক এই আইন উপদেষ্টা।
ফেসবুক পোস্টের শেষাংশে আসিফ নজরুল লেখেন, রাজনীতিবিদদের মধ্যে কাউকে রাষ্ট্রপতি করা হলে তিনি সম্ভবত সেরা প্রার্থী।
এমআর/এআরএম




