শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

পদত্যাগের পর যেসব রাষ্ট্রীয় সুবিধা পাবেন সাহাবুদ্দিন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ জুলাই ২০২৬, ০৬:২৬ পিএম

শেয়ার করুন:

পদত্যাগের পর যেসব রাষ্ট্রীয় সুবিধা পাবেন সাহাবুদ্দিন
বিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন মো. সাহাবুদ্দিন। তবে পদত্যাগের মধ্য দিয়ে তার সাংবিধানিক দায়িত্ব শেষ হলেও দেশের প্রচলিত আইন অনুযায়ী তিনি আমৃত্যু বেশ কিছু রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা ভোগ করবেন।

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে তিনি পদত্যাগ করেন। রাষ্ট্রপতির দায়িত্বে ছয় মাসের বেশি সময় দায়িত্ব পালন করায় দি প্রেসিডেন্টস (রেমিউনারেশন অ্যান্ড প্রিভিলেজেস) অ্যাক্ট, ১৯৭৫ অনুযায়ী তিনি সাবেক রাষ্ট্রপতি হিসেবে এসব সুবিধা পাওয়ার যোগ্য।

আইন অনুযায়ী, সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন মৃত্যুর আগ পর্যন্ত রাষ্ট্রপতি হিসেবে সর্বশেষ প্রাপ্ত বেতনের ৭৫ শতাংশ হারে মাসিক অবসরভাতা পাবেন।

এ ছাড়া তিনি একজন ব্যক্তিগত সহকারী ও একজন অ্যাটেনডেন্ট পাবেন। তাদের দাপ্তরিক ব্যয়ের জন্য সরকার নির্ধারিত বার্ষিক বরাদ্দও থাকবে।

সরকারি অনুষ্ঠানে অংশ নেওয়ার ক্ষেত্রে তিনি বিনামূল্যে সরকারি যানবাহন ব্যবহার করতে পারবেন। তার আবাসস্থলে একটি টেলিফোন সংযোগ থাকবে এবং সরকার নির্ধারিত সীমা পর্যন্ত এর বিলও সরকার বহন করবে।

সাবেক রাষ্ট্রপতি হিসেবে তিনি একজন মন্ত্রীর সমপর্যায়ের চিকিৎসা সুবিধা, একটি কূটনৈতিক পাসপোর্ট এবং দেশের অভ্যন্তরে ভ্রমণের সময় সরকারি সার্কিট হাউস বা রেস্ট হাউসে বিনা ভাড়ায় অবস্থানের সুবিধাও পাবেন।

রাষ্ট্রপতির পদ থেকে সরে গেলেও আইন অনুযায়ী এসব সুবিধা আজীবন ভোগ করবেন মো. সাহাবুদ্দিন।

এমআর/এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর