শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

কৃষি জমি রক্ষায় সারাদেশে টেকসই আবাসন নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২২ জুলাই ২০২৬, ০৯:১১ পিএম

শেয়ার করুন:

কৃষি জমি রক্ষায় সারাদেশে টেকসই আবাসন নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর
সচিবালয়ে রিহ্যাব প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান

কৃষি জমি রক্ষায় সারাদেশে টেকসই আবাসন নিশ্চিতের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

দেশে পরিকল্পিত নগরায়ণ এবং আবাসন খাতের উন্নয়ন নিয়ে আবাসন খাতের শীর্ষ সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে এই নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

বুধবার (২২ জুলাই) সন্ধ্যায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয় বলে নিশ্চিত করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়।

বৈঠকে আবাসন শিল্পের বর্তমান পরিস্থিতি, পরিকল্পিত নগরায়ণের চ্যালেঞ্জ এবং বিস্তারিত এলাকা পরিকল্পনা (ড্যাপ) বাস্তবায়নের ফলে সৃষ্ট বিভিন্ন জটিলতাসহ খাতের সার্বিক উন্নয়ন বিষয় উঠে আসে। 

এসময় রিহ্যাব প্রতিনিধি দল জমি, প্লট ও ফ্ল্যাট নিবন্ধন ফি যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনা, সার্ভিস সেবা সম্পূর্ণ ডিজিটালাইজড করা, ফ্লোর এরিয়া রেসিও (ফার) বৃদ্ধি এবং রাজধানীর সীমিত জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে ‘উল্লম্ব নগরায়ণের’ (ভাটিক্যাল আরবানাইজেশন) সুনির্দিষ্ট প্রস্তাবনা প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করেন।

pm2

বৈঠকে আবাসন খাতকে অর্থনীতির অন্যতম চালিকাশক্তি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এ খাতের বিকাশ দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকার এমন একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে কাজ করছে, যেখানে আবাসন খাতের উন্নয়ন হবে পরিকল্পিত, টেকসই ও দুর্নীতিমুক্ত। 

তিনি বলেন, কেউ যেন আবাসন খাতে অনিয়ম করতে না পারে, সে লক্ষ্যে সরকার ইতোমধ্যে বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণ করেছে এবং আরও কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে।

নগরায়ণ বিকেন্দ্রীকরণের ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, নগরায়ন শুধু ঢাকা কেন্দ্রিক হলে চলবে না; দেশের অন্যান্য অঞ্চলকেও সমান গুরুত্ব দিয়ে পরিকল্পিতভাবে গড়ে তুলতে হবে। যেকোনো উন্নয়ন কার্যক্রম পরিচালনায় কৃষি জমি সুরক্ষাকে সর্বোচ্চ প্রাধান্য দিতে হবে।

রিহ্যাব সভাপতি আলী আফজালের নেতৃত্বে বৈঠকে প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন সংগঠনটির সহসভাপতি আবু খালিদ মোহাম্মদ বারকাতুল্লাহ, ইস্টার্ন হাউজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আমিনুল করিম সিদ্দিকী, ইউনাইটেড গ্রুপের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক নিজামউদ্দিন হাসান রশিদ, ম্যানেজার মুশফিকুল আলম খন্দকার, রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খান, কো-চেয়ারম্যান মাহির আলী খান রাতুল, আমিন মোহাম্মদ গ্রুপের নির্বাহী পরিচালক আবুল কালাম মো. রেজাউল করিম, সেঞ্চুরি গ্রুপের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) নাসির মজুমদার, ইউএস-বাংলা অ্যাসেটস লিমিটেডের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. জালাল ঘানি খান এবং স্বদেশ প্রপার্টিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম. এ. কাইয়ুম।

বৈঠকে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের উপস্থিত ছিলেন।

বিইউ/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর