যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনকারীদের নিজ দেশের দূতাবাসে ভিসা আবেদন জমা দেয়ার আহ্বান জানিয়েছে দেশটি। রোববার (১৯ জুলাই) সকালে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের দূতাবাসের এক ক্ষুদে বার্তায় এ আহ্বান জানানো হয়েছে।
এতে বলা হয়, যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনকারীদের নিজ দেশের যুক্তরাষ্ট্র দূতাবাস বা কনস্যুলেটে ভিসা সাক্ষাৎকারের সময় নির্ধারণ করা উচিত।
অন্য কোনো দেশ থেকে আবেদন করলে ভিসা পাওয়া কঠিন হতে পারে এবং এ ধরনের আবেদনের জন্য পরিশোধিত ফি ফেরত দেওয়া হবে না, জানায় মার্কিন দূতাবাস।
সম্প্রতি সব ধরনের অভিবাসী ভিসা আবেদনকারীদের জন্য একদিনের পরিবর্তে দুই দিনের ভিসা পদ্ধতি চালু করছে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস। এ ক্ষেত্রে ভিসা আবেদনকারীদের ডিএস-১৬০ ভিসা আবেদন ফর্মে গত ৫ বছরে ব্যবহৃত সব সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহারকারী নাম বা হ্যান্ডেল উল্লেখ করা বাধ্যতামূলক।
সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য গোপন করলে ভিসা প্রত্যাখ্যানের পাশাপাশি ভবিষ্যতে ভিসা পাওয়ার অযোগ্যতা তৈরি হতে পারে বলেও জানিয়েছে দূতাবাসটি।
এসএইচ/এমআই




