বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

মৌসুমি বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও পাহাড় ধসে মৃত বেড়ে ৫৮

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭ জুলাই ২০২৬, ০৪:৫৫ পিএম

শেয়ার করুন:

মৌসুমি বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও পাহাড় ধসে মৃত বেড়ে ৫৮

মৌসুমি বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৮ জনে। একই সঙ্গে দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ছাড়িয়েছে ১২ লাখ। এখনও ৫২ হাজারের বেশি পরিবার পানিবন্দি অবস্থায় রয়েছে।

গতকাল বৃহস্পতিবার (১৬ জুলাই) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বন্যা–সম্পর্কিত সর্বশেষ প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দেশের ৫৭টি উপজেলার ৩৬২টি ইউনিয়ন ও ৮টি পৌরসভা এখনও বন্যাকবলিত। এসব এলাকায় মোট ১২ লাখ ১৬ হাজার ৮০৫ জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। পানিবন্দি রয়েছে প্রায় ৫২ হাজার ৪৯৩ পরিবার।

গত ৫ জুলাই রাত থেকে টানা পাঁচ দিনের অতিভারী বর্ষণে দেশের ৪৩ জেলার বিভিন্ন এলাকা প্লাবিত হয়। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় চট্টগ্রাম ও সিলেট বিভাগের সাত জেলা। চট্টগ্রাম বিভাগের বিভিন্ন স্থানে ব্যাপক হারে পাহাড়ধসের ঘটনাও ঘটেছে।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এই দুর্যোগে সবচেয়ে বেশি ৩২ জনের মৃত্যু হয়েছে কক্সবাজারে। তাদের মধ্যে ১৯ জন স্থানীয় বাসিন্দা এবং ১৩ জন রোহিঙ্গা। এ ছাড়া চট্টগ্রামে ১৫ জন, বান্দরবানে সাতজন, রাঙামাটিতে তিনজন এবং মৌলভীবাজারে একজনের মৃত্যু হয়েছে। দুর্যোগে খাগড়াছড়ি, বান্দরবান, কক্সবাজার ও চট্টগ্রামে মোট ৪০ জন আহত হয়েছেন। এর মধ্যে কক্সবাজারেই আহত হয়েছেন ২৫ জন। কক্সবাজারে এখনও একজন নিখোঁজ রয়েছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, চট্টগ্রাম বিভাগের ১৬টি উপজেলায় এখনও আংশিক জলাবদ্ধতা রয়েছে। দুর্গত মানুষের জন্য ৮৭টি আশ্রয়কেন্দ্র চালু রাখা হয়েছে। বর্তমানে সেখানে ৮৪৯ জন গৃহহীন মানুষ আশ্রয় নিয়েছে।

দুর্গত মানুষের সহায়তায় সরকার এ পর্যন্ত সারাদেশে ৫ কোটি ১৫ লাখ টাকা নগদ বরাদ্দ দিয়েছে। পাশাপাশি ৯ হাজার ৫০ টন চাল, ৪ হাজার ২০০ বান্ডিল ঢেউটিন এবং ঘর নির্মাণে ১ কোটি ২৬ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। 

এ ছাড়া খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার ও চট্টগ্রাম– এই পাঁচ জেলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে বিশেষ আর্থিক সহায়তা হিসেবে প্রতিটি জেলার জন্য ২০ লাখ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে।

এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর