বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

মহাখালীর বাস পূর্বাচলের অস্থায়ী ডিপোতে স্থানান্তর কার্যক্রম উদ্বোধন

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৫ জুলাই ২০২৬, ০৬:৫৪ পিএম

শেয়ার করুন:

মহাখালীর বাস পূর্বাচলের অস্থায়ী ডিপোতে স্থানান্তর কার্যক্রমের উদ্বোধন
মহাখালী বাস টার্মিনাল থেকে পূর্বাচলের নবনির্মিত অস্থায়ী ডিপোতে বাস স্থানান্তর কার্যক্রমের উদ্বোধন। ছবি: সংগৃহীত

রাজধানীর যানজট নিরসন এবং সুশৃঙ্খল গণপরিবহন ব্যবস্থাপনা নিশ্চিত করতে মহাখালী বাস টার্মিনাল থেকে পূর্বাচলের নবনির্মিত অস্থায়ী ডিপোতে বাস স্থানান্তর কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১৫ জুলাই) দুপুরে মহাখালী বাস টার্মিনালের সামনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ। সভাপতিত্ব করেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) আনিছুর রহমান। এ সময় বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব মো. সাইফুল ইসলাম, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সেক্রেটারি হুমায়ুন কবির খান, ঢাকা সড়ক পরিবহন সমিতির সভাপতি আব্দুল বাতেন, পরিবহন মালিক-শ্রমিক নেতৃবৃন্দ, ডিএমপির ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সভায় মহাখালী টার্মিনালকেন্দ্রিক যানজট নিরসনের লক্ষ্যে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী পূর্বাচলের নবনির্মিত অস্থায়ী ডিপোতে বাস স্থানান্তরের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। বক্তারা বলেন, এ উদ্যোগের মাধ্যমে রাজধানীর গুরুত্বপূর্ণ এ এলাকায় যানজট কমবে, যাত্রীসেবার মান উন্নত হবে এবং সড়ক ব্যবস্থাপনা আরও কার্যকর হবে। পাশাপাশি নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মহাখালী বাস টার্মিনালটি ঢাকা শহরের কেন্দ্রস্থলে অবস্থিত। টার্মিনালের ভেতরে আনুমানিক ৪০০টি বাস রাখার স্থান থাকলেও প্রতিদিন গড়ে প্রায় ১ হাজার ৫০০টি বাস সেখানে আসা-যাওয়া করে। ফলে মূল সড়কে বাস পার্কিংসহ পুরো এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। এ সমস্যা নিরসনে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক-শ্রমিক সমিতি, রাজউক, সিটি করপোরেশন ও সংশ্লিষ্ট সংস্থার সমন্বয়ে পূর্বাচলের ৩ নম্বর সেক্টরে রাজউকের মালিকানাধীন প্রায় ১০ একর জমিতে অস্থায়ী বাস ডিপো নির্মাণ করা হয়েছে।

pic---

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস বলেন, এ উদ্বোধনের মাধ্যমে সরকারের নেওয়া একটি গুরুত্বপূর্ণ উদ্যোগের বাস্তবায়ন শুরু হলো। এর ফলে মহাখালীকেন্দ্রিক যানজট বহুলাংশে কমবে এবং ঢাকার ট্রাফিক ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি এ উদ্যোগ বাস্তবায়নে সংশ্লিষ্ট পরিবহন মালিক-শ্রমিক সংগঠন, ডিএমপির ট্রাফিক বিভাগ, রাজউক, সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট সব সংস্থাকে ধন্যবাদ জানান।

ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ বলেন, ঢাকার যানজট নিরসনে এটি একটি সময়োপযোগী উদ্যোগ। এর সফল বাস্তবায়ন রাজধানীর সড়ক ব্যবস্থাপনা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উদ্বোধন শেষে আনুষ্ঠানিকভাবে বাস স্থানান্তর কার্যক্রমের সূচনা করা হয়। এ কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সবার সহযোগিতা কামনা করেন।

এমআইকে/এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর