রাজধানীর আজিমপুরে বকেয়া বাসা ভাড়ার টাকা নিয়ে তর্কের এক পর্যায়ে বাড়ির মালিকের ছেলের ঘুসিতে মো. স্বপন নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বাড়ির মালিকের ছেলে ও তার চাচাতো ভাইসহ দুজনকে আটক করেছে পুলিশ।
সোমবার (১৩ জুলাই) ভোর ৫টার পর আজিমপুর ৮৭ লালবাগ রোড ভাটা মসজিদ মেডিকেল স্টাফ কোয়ার্টারে এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তিরা হলেন বাড়ির মালিকের ছেলে ইসাদুল ইসলাম রিজভী ও তার চাচাতো ভাই সাদিফ ইসলাম রোহান।
নিহতের স্বজনদের সূত্রে জানা যায়, ভাড়ার টাকা নিয়ে বাড়ির মালিকের ছেলে ইসাদুল ইসলাম রিজভীর সঙ্গে ভাড়াটিয়া স্বপন ও তার বড় ভাই সেলিমের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রিজভী দুই ভাইকে ধাক্কা দিলে স্বপন পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান এবং রক্তাক্ত হন। পরে রিজভী ও তার চাচাতো ভাই সাদিফ ইসলাম রোহান আহত স্বপনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের বড় ভাই রাজা মোহাম্মদ সেলিম বলেন, তারা দুই ভাই দীর্ঘদিন ধরে মেডিকেল স্টাফ কোয়ার্টারের নিচতলার একটি কক্ষে মাসে ৬ হাজার টাকা ভাড়ায় সাবলেট থাকতেন। তার ভাই স্বপন অত্যন্ত শান্ত প্রকৃতির মানুষ ছিলেন এবং কারো সঙ্গে কখনো কোনো বিরোধে জড়াতেন না। চলতি মাসের ভাড়ার মধ্যে মাত্র এক হাজার টাকা বাকি ছিল। রোববার রাতে বাড়ির মালিকের ছেলে ইসাদুল ইসলাম রিজভী টাকা চাইলে তারা দু-এক দিনের মধ্যে পরিশোধ করবেন বলে জানান। এতে ক্ষিপ্ত হয়ে রিজভী তাদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং দেখে নেওয়ার হুমকি দেন।
আরও পড়ুন
যাত্রাবাড়ীতে বাসায় ঢুকে বৃদ্ধাকে হত্যা, টাকা ও স্বর্ণালংকার লুট
শাহবাগের ফুটপাতে মিলল ৩ ব্যক্তির মরদেহ
তিনি আরও জানান, সোমবার ভোর ৪টার দিকে রিজভী তার চাচাতো ভাই রোহানকে নিয়ে তাদের কক্ষের সামনে এসে আবারও ভাড়ার এক হাজার টাকা নিয়ে কথা কাটাকাটি শুরু করেন। একপর্যায়ে তিনি (সেলিম) বাধা দিতে গেলে তাকে লাথি মেরে ফেলে দেওয়া হয়। এরপর তার ভাই স্বপনকে কিল-ঘুসি মারতে মারতে জোরপূর্বক টেনে-হিঁচড়ে মেডিকেল স্টাফ কোয়ার্টারের সামনের একটি মাঠে নিয়ে যাওয়া হয়। এতে স্বপন গুরুতর আহত হন। পরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক চিকিৎসকের বরাত দিয়ে জানান, হাসপাতালে আনার পর চিকিৎসক স্বপনকে মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।
এ বিষয়ে লালবাগ থানার ওসি ইয়াসিন আলী বলেন, ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা দায়েরের পর ঘটনাটি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
একেএস/জেবি




