শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

‘সংসদ সদস্যের মৃত্যু হলে মুলতবি, সাবেক স্পিকারের ক্ষেত্রে আলাদা রীতি’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ জুলাই ২০২৬, ০৪:৩৩ পিএম

শেয়ার করুন:

‘সংসদ সদস্যের মৃত্যু হলে মুলতবি, সাবেক স্পিকারের ক্ষেত্রে আলাদা রীতি’

বর্তমান কোনো সংসদ সদস্য মৃত্যুবরণ করলে সংসদের কার্যক্রম সঙ্গে সঙ্গে মুলতবি করার প্রচলিত রীতি রয়েছে। তবে সাবেক স্পিকারের ক্ষেত্রে সেই বিধান প্রযোজ্য নয় বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, সংসদের ইতিহাসে দায়িত্বে থাকা অবস্থায় কোনো সাবেক স্পিকারের মৃত্যুর নজির আগে না থাকায় এ বিষয়ে নির্দিষ্ট রীতি নেই। তবে প্রয়াত সাবেক স্পিকারের প্রতি শ্রদ্ধা জানিয়ে দিনের বাকি কার্যসূচি অনিষ্পন্ন রেখেই অধিবেশন মুলতবি করা হবে।

রোববার (১২ জুলাই) জাতীয় সংসদে অধিবেশন চলাকালে বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু সাবেক স্পিকারের মৃত্যুতে সংসদীয় রীতি অনুসরণের বিষয়টি উত্থাপন করলে স্পিকার এই কথা বলেন।

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, অতীতে সংসদ অধিবেশন চলাকালে কোনো সাবেক স্পিকার ইন্তেকাল করলে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে সব কার্যক্রম স্থগিত রেখে শোকপ্রস্তাব গ্রহণ এবং আলোচনা শেষে সেদিনের জন্য সংসদ মুলতবি করার রীতি ছিল। যেহেতু সংসদ অধিবেশন চলমান এবং প্রয়াত ব্যক্তি দীর্ঘদিন স্পিকারের দায়িত্ব পালন করেছেন, তাই অন্য কোনো আলোচনা না করে শোকপ্রস্তাব গ্রহণের পর সংসদ মুলতবির আহ্বান জানাই।

জবাবে স্পিকার বলেন, আমার অভিজ্ঞতা অনুযায়ী সংসদে বিদ্যমান কোনো সংসদ সদস্য মৃত্যুবরণ করলে সেদিন আর অধিবেশন পরিচালিত হয় না; সঙ্গে সঙ্গে সংসদের কার্যক্রম মুলতবি করা হয়। তবে সাবেক কোনো স্পিকারের মৃত্যু নিয়ে এর আগে সংসদকে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়নি।

তিনি আরও বলেন, বর্তমান সংসদের কোনো সদস্য, এমনকি দায়িত্বে থাকা স্পিকারও যদি মৃত্যুবরণ করেন, তাহলে সঙ্গে সঙ্গে সংসদের কার্যক্রম মুলতবি করার বিধান রয়েছে। কিন্তু যেহেতু এবার একজন প্রাক্তন স্পিকারের মৃত্যু হয়েছে, তাই সঙ্গে সঙ্গে অধিবেশন মুলতবি করা হয়নি।

স্পিকার জানান, প্রয়াত সাবেক স্পিকারের প্রতি সম্মান জানিয়ে দিনের বাকি কার্যসূচি অনিষ্পন্ন রেখেই অধিবেশন মুলতবি করা হবে।

জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আজ রোববার (১২ জুলাই) ভোর ৪টা ১৯ মিনিটে রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে প্রবীণ এই রাজনীতিকের বয়স হয়েছিল ৯৪ বছর। 

এমএইচএইচ/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর