বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

সায়েদাবাদ টার্মিনালের শৃঙ্খলা ফেরাতে এক সপ্তাহের আল্টিমেটাম

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯ জুলাই ২০২৬, ০৪:৩৪ পিএম

শেয়ার করুন:

সায়েদাবাদ টার্মিনালের শৃঙ্খলা ফেরাতে এক সপ্তাহের আল্টিমেটাম

রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনালের ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে পরিবহন মালিক ও শ্রমিকদের এক সপ্তাহের আল্টিমেটাম দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম। এ সময়ের মধ্যে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ব্যর্থ হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও ঘোষণা দেন তিনি।

বৃহস্পতিবার (৯ জুলাই) রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শনকালে এ ঘোষণা দেন তিনি।

ডিএসসিসি প্রশাসক বলেন, সায়েদাবাদ বাস টার্মিনালকে দখলমুক্ত করে আধুনিক, পরিচ্ছন্ন ও শৃঙ্খলাপূর্ণ টার্মিনালে রূপ দেওয়া হবে। আগামী ১৫ জুলাইয়ের মধ্যে টার্মিনাল ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে পরিবহন মালিক ও শ্রমিকদের অনুরোধ করা হয়েছে। এ সময়ের পর নিয়ম না মানলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, টার্মিনালে যান চলাচল আরও সুশৃঙ্খল করতে প্রবেশ ও প্রস্থানে দুটি করে মোট চারটি নিয়ন্ত্রণকক্ষের ব্যবস্থা করা হবে। সরকারের নির্দেশনা অনুযায়ী বাস কাউন্টারগুলো সায়েদাবাদ বাস টার্মিনালের ভেতরে স্থাপন করতে হবে।

তিনি আরও বলেন, টার্মিনাল কোনোভাবেই বাসের ডাম্পিং স্টোরে পরিণত হতে পারে না। শুধুমাত্র যাত্রী ওঠানামার বাসই টার্মিনালে অবস্থান করবে। এ ছাড়া অন্য কোনো বাস রাখা যাবে না। শীতাতপনিয়ন্ত্রিত (এসি) বাসের জন্য আলাদা স্থান নির্ধারণ করা হবে।

আবদুস সালাম বলেন, টার্মিনালের ভেতরের অবৈধ দোকানপাট ও হকার উচ্ছেদ করে পুরো এলাকাকে সুশৃঙ্খল করা হবে। টার্মিনাল পরিচ্ছন্ন না থাকলে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।

আগামী তিন থেকে চার মাসের মধ্যে রাজধানীর সড়ক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্য নিয়ে কাজ চলছে বলেও জানান তিনি। সায়েদাবাদ বাস টার্মিনালকে একটি পরিচ্ছন্ন ও কার্যকর যাত্রীসেবার কেন্দ্রে পরিণত করা হবে বলেও জানান প্রশাসক।

এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্তদের টার্মিনালকে অবৈধ দখলমুক্ত, যানজটমুক্ত, পরিচ্ছন্ন ও নিরাপদ রাখতে নিয়মিত অভিযান পরিচালনার নির্দেশনা দেন।

এদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন ৭ নম্বর ওয়ার্ডে মানিকনগর প্রধান সড়কের উন্নয়নকাজের আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

মানিকনগর বিশ্বরোড থেকে মানিকনগর পুকুরপাড় পর্যন্ত সড়কের ভিত্তিপ্রস্তর উন্মোচন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব এবং ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম।

এএম/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর