গত ২৪ ঘণ্টায় রাজধানীতে বিভিন্ন অপরাধে জড়িত ২৯৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। নিয়মিত অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকায় তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, দেশীয় অস্ত্র ও বিভিন্ন আলামত উদ্ধার করেছে পুলিশ। এ ছাড়াও, গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় ৪৬টি মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিসি) নিয়াজ মেহেদী বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ থেকে ২২ জন, লালবাগ বিভাগ থেকে ২১ জন, ওয়ারী বিভাগ থেকে ৫২ জন, মতিঝিল বিভাগ থেকে ৩৬ জন, তেজগাঁও বিভাগ থেকে ৫৪ জন, মিরপুর বিভাগ থেকে ৪১ জন, গুলশান বিভাগ থেকে ২১ জন, উত্তরা বিভাগ থেকে ৪২ জন এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) থেকে ৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
অভিযানকালে গ্রেফতারকৃতদের কাছ থেকে ১৩২ কেজি গাঁজা, ১৪ হাজার ৭৬৫ পিস ইয়াবা ট্যাবলেট, ২ গ্রাম হেরোইন, একটি মোটরসাইকেল, একটি চাকু, দুটি অ্যান্টিকাটার, একটি অটোরিকশা, একটি সিএনজিচালিত অটোরিকশা, ১৩টি মোবাইল ফোন, একটি জিপ গাড়ি, একটি চাবি, একটি ককটেল এবং পেট্রোলভর্তি সাতটি প্লাস্টিকের বোতল উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্যসহ এই ব্যক্তিদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
একেএস/এফএ




