রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় স্বেচ্ছাসেবক দলের নেতা সাইফুল ইসলাম সিজুকে গুলির ঘটনায় কাওছার ভুঁইয়া ওরফে শান্ত ওরফে এসবি (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, চারটি ব্যবহৃত কার্তুজ, দুটি তাজা কার্তুজ ও একটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।
বুধবার (৮ জুলাই) শান্তকে আদালতে হাজির করা হলে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বিকেলে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি ঢাকা মেইলকে বলেন, রিমান্ডে জিজ্ঞাসাবাদের মাধ্যমে ঘটনার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।
ওসি জানান, এর আগেও অস্ত্রসহ শান্ত গ্রেফতার হয়েছিল। তার বিরুদ্ধে একটি অস্ত্র মামলা রয়েছে এবং ওই মামলায় তিনি চার্জশিটভুক্ত আসামি। তার বাড়ি গোপালগঞ্জে হলেও তিনি মিরপুর এলাকায় বসবাস করেন।
পুলিশ জানায়, মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে শান্তকে গ্রেফতার করা হয়। এর আগে মিরপুর-১০ নম্বর এলাকায় একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন সাইফুল ইসলাম সিজু। এ সময় শান্তর ছোড়া গুলিতে তিনি আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বর্তমানে সেখানে চিকিৎসাধীন। সিজু থানা স্বেচ্ছাসেবক দলের অন্যতম যুগ্ম আহ্বায়ক। এ ঘটনায় মিরপুর থানায় একটি মামলা হয়েছে।
পুলিশের দাবি, মিরপুর-১০ নম্বর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধ ও পূর্বশত্রুতার জেরে এ হামলার ঘটনা ঘটে। তাদের ভাষ্য, দীর্ঘদিন ধরেই সাইফুল ইসলাম সিজুকে হত্যার পরিকল্পনা করছিলেন শান্ত। এ উদ্দেশ্যে তিনি কৌশলে সিজুর সঙ্গে পরিচিত হন এবং রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার আগ্রহ দেখিয়ে তার আস্থা অর্জন করেন। পরে বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে সিজুর সঙ্গে অংশ নিতে শুরু করেন।
এমআইকে/এআর




