হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সম্পূর্ণ বিনামূল্যে শাটল বাস সার্ভিস চালু করা হয়েছে। বিমানবন্দরে আগত ও প্রস্থানকারী যাত্রীদের নিরাপদ, সহজ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে এ উদ্যোগ। এতে অর্থায়ন করছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক)।
বুধবার (৮ জুলাই) প্রধান অতিথি থেকে এই সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিমানবন্দরটির নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ।
বাসগুলো প্রাথমিকভাবে বিমানবন্দর থেকে বিমানবন্দর বাসস্ট্যান্ড, জসিমউদ্দিন মোড় থেকে বিমানবন্দর রেলস্টেশন এবং কাওলা থেকে বিমানবন্দর রুটে চলাচল করবে। এর মাধ্যমে যাত্রীরা বিমানবন্দরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সংযোগস্থলের মধ্যে সম্পূর্ণ বিনামূল্যে দ্রুত, নিরাপদ ও আরামদায়কভাবে যাতায়াত করতে পারবেন।
এই সেবাটি বিশেষ করে প্রবীণ নাগরিক, নারী, শিশু, শারীরিকভাবে বিশেষ চাহিদাসম্পন্ন যাত্রী এবং ভারী লাগেজ বহনকারীদের জন্য বড় ধরনের সুবিধা বয়ে আনবে। একই সঙ্গে ব্যক্তিগত যানবাহনের ওপর নির্ভরতা কমিয়ে বিমানবন্দর এলাকায় যানজট হ্রাস ও পরিবেশবান্ধব যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতেও এটি কার্যকর ভূমিকা পালন করবে।
প্রধান অতিথি গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ বলেন, ‘দেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের সেবার মান উন্নয়ন ও আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করতে বেবিচক ধারাবাহিকভাবে বিভিন্ন যুগোপযোগী উদ্যোগ গ্রহণ করছে। তারই অংশ হিসেবে এই ফ্রি শাটল সার্ভিস চালু করা হয়েছে, যা যাত্রীদের সময় সাশ্রয় ও নিরাপদ চলাচল নিশ্চিত করবে।’
এমআইকে/এমআই




