রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ঢাকা

বার কাউন্সিল

প্রথম রিভিউয়ে উত্তীর্ণদের ভাইভা নেওয়ার নির্দেশ দিয়ে রায় প্রকাশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮ জুলাই ২০২৬, ০১:৫৯ পিএম

শেয়ার করুন:

প্রথম রিভিউয়ে উত্তীর্ণদের ভাইভা নেওয়ার নির্দেশ দিয়ে রায় প্রকাশ
ছবি: সংগৃহীত

বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির (এনরোলমেন্ট) লিখিত পরীক্ষার প্রথম রিভিউয়ে উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা (ভাইভা) নেওয়ার নির্দেশ দিয়ে রায় প্রকাশ করেছেন হাইকোর্ট।

একইসঙ্গে প্রথম রিভিউয়ের ফল বাতিল করে আবেদনকারীদের এনরোলমেন্ট প্রক্রিয়া থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তকে অবৈধ ও আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হয়েছে।

বুধবার (৮ জুলাই) বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি মো. জিয়াউল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় প্রকাশ করেন।

রায়ে বলা হয়েছে, এনরোলমেন্ট কমিটিকে তাদের সুবিধাজনক ও যুক্তিসঙ্গত সময়ের মধ্যে ভাইভা পরীক্ষার তারিখ নির্ধারণ করতে হবে।

শুধু রিটকারী নন, প্রথম রিভিউয়ের ফলাফলে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সত্ত্বেও যারা রিট করেননি, তাদেরকেও রিটকারীদের মতো ভাইভায় অংশ নেওয়ার সুযোগ দিতে নির্দেশ দেওয়া হয়েছে রায়ে।

এর আগে গত ১০ জুন এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে রায় দিয়েছিলেন হাইকোর্টের এই বেঞ্চ। বুধবার সেই রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করা হলো।

আদালতে পরীক্ষার্থীদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল ও ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম।

মামলার প্রেক্ষাপট থেকে জানা যায়, বার কাউন্সিলে আইনজীবী সনদ পেতে লিখিত পরীক্ষাসংক্রান্ত প্রথম রিভিউয়ের ফলাফল গত বছরের ১৮ নভেম্বর প্রকাশ করা হয়। কিন্তু গত বছরের ২৪ নভেম্বর সেই ফল বাতিল করে রিভিউ আবেদনকারী প্রতিটি প্রার্থীর উত্তরপত্র পুনর্মূল্যায়ন করার সিদ্ধান্ত নেয় বার কাউন্সিল।

এরপর দ্বিতীয় রিভিউয়ের ফল ঘোষণা করা হয় এবং দ্বিতীয় রিভিউ পরীক্ষায় উত্তীর্ণদের ভাইভা নেওয়া হয়।

প্রথম রিভিউয়ের ফল বাতিলের ওই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন ৬৩২ জন পরীক্ষার্থী। সেই রিটের চূড়ান্ত শুনানি শেষেই এই রায় দিলেন উচ্চ আদালত।

প্রতিনিধি/এআরএম 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর