রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ঢাকা

‘ফ্যাসিস্টকে টিকিয়ে রাখা কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে’

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৭ জুলাই ২০২৬, ০৫:৪২ পিএম

শেয়ার করুন:

‘ফ্যাসিস্টকে টিকিয়ে রাখা কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে’
জাতীয় সংসদের অধিবেশন। ইনসেটে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। ছবি: সংগৃহীত

প্রশাসনের যেসব কর্মকর্তা ফ্যাসিস্ট সরকারকে দীর্ঘস্থায়ী করতে ভূমিকা রেখেছেন, তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট আমলে প্রশাসনের বিভিন্ন পর্যায়ে যারা প্রকাশ্যে ওই সরকারকে দীর্ঘস্থায়ী করার জন্য কাজ করেছেন, তাদের চিহ্নিত করতে সরকারের বিভিন্ন তদন্ত সংস্থা কাজ করছে। তদন্ত শেষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার (৭ জুলাই) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলামের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশন শুরু হলে প্রথমেই প্রশ্নোত্তর অনুষ্ঠিত হয়।

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সাবিকুন্নাহারের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘বিসিএসে নিয়োগের সুপারিশ দিতে সময় ক্রমেই কমে আসছে। ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে বিজ্ঞপ্তি প্রকাশের ১ বছর ৭ মাসের মধ্যে। ৪৬তম বিসিএসের ক্ষেত্রে সময় লেগেছে ২ বছর ২ মাস ৯ দিন, ৪৫তম বিসিএসে ২ বছর ১১ মাস ২৭ দিন এবং ৪৪তম বিসিএসে ৩ বছর ৭ মাস। ৫০তম বিসিএসের ফল এক বছরের মধ্যে প্রকাশের পরিকল্পনা রয়েছে।’

তিনি আরও বলেন, ‘পদোন্নতি একটি চলমান প্রক্রিয়া। বিভিন্ন ক্যাডারের দক্ষ ও যোগ্য কর্মকর্তাদের সার্বিক বিষয় বিবেচনায় যথাসময়ে পদোন্নতি দেওয়া হয়। হালনাগাদ তথ্য অনুযায়ী, সরকারি চাকরিতে বর্তমানে নারী কর্মকর্তা-কর্মচারীর হার ২৯ শতাংশ।’

নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম হেলালীর প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘জনপ্রশাসনে নিয়োগ, বদলি ও পদায়নের ক্ষেত্রে রাজনৈতিক বা অন্যায্য প্রভাবমুক্ত থেকে মেধা, সততা ও দক্ষতাকে একমাত্র মানদণ্ড হিসেবে বিবেচনা করার নীতি বাস্তবায়ন করা হচ্ছে।’

কুড়িগ্রাম-১ আসনের আনোয়ারুল ইসলামের আরেক প্রশ্নের জবাবে তিনি জানান, বর্তমানে সারা দেশে বিভিন্ন ক্যাডারে মোট ৮ হাজার ৯৯টি পদ শূন্য রয়েছে।

টিএই/এমআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর