বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ঢাকা

‘প্রাণিসম্পদ খাতের আন্তর্জাতিক বাজার সম্প্রসারণে কাজ করছে সরকার’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ জুন ২০২৬, ০৩:২৫ পিএম

শেয়ার করুন:

‘প্রাণিসম্পদ খাতের আন্তর্জাতিক বাজার সম্প্রসারণে কাজ করছে সরকার’

দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে প্রাণিসম্পদ খাতের পণ্যের রফতানি বাড়াতে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, প্রাণিসম্পদ খাতকে একটি শক্তিশালী রফতানিমুখী খাতে পরিণত করার মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন, অর্থনীতিকে আরও সমৃদ্ধ করা এবং দেশের উন্নয়নের গতি ত্বরান্বিত করাই সরকারের লক্ষ্য।

রোববার (২৮ জুন) হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে বাংলাদেশ থেকে প্রথমবারের মতো নাইজেরিয়ায় ডিম ফোটানোর উপযোগী ডিম রফতানি কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী দেশের প্রতিটি খাতকে রফতানিমুখী হিসেবে গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করেছেন। তার দূরদর্শী নির্দেশনায় মৎস্য ও প্রাণিসম্পদ খাতও ধীরে ধীরে একটি শক্তিশালী রফতানিমুখী খাতে পরিণত হবে। আজকের এই রফতানি কার্যক্রম সেই লক্ষ্য অর্জনের পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক এবং দেশের রফতানি বহুমুখীকরণে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।

তিনি আরও বলেন, দেশের চাহিদা পূরণ করে যখন বাংলাদেশ আন্তর্জাতিক বাজারে প্রাণিসম্পদ পণ্য রফতানি করতে সক্ষম হয়, তখন তা দেশের উৎপাদন সক্ষমতা, মান নিয়ন্ত্রণ এবং আন্তর্জাতিক মানদণ্ড পূরণের সক্ষমতারই প্রতিফলন। এটি শুধু একটি বাণিজ্যিক কার্যক্রম নয়, বরং বাংলাদেশের প্রাণিসম্পদ খাতের আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনেরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, সরকারের লক্ষ্য কেবল একটি বা দুটি দেশে রফতানি সীমাবদ্ধ রাখা নয়। ভবিষ্যতে নতুন নতুন আন্তর্জাতিক বাজারে প্রবেশের মাধ্যমে প্রাণিসম্পদ খাতের রফতানির পরিধি আরও সম্প্রসারণ করা হবে। এর ফলে দেশের বৈদেশিক মুদ্রা অর্জন যেমন বাড়বে, তেমনি এই খাতের উদ্যোক্তারাও নতুন বিনিয়োগে উৎসাহিত হবেন।

অনুষ্ঠানে প্রাণিসম্পদ অধিদফতরের মহাপরিচালক মো. শাহজামান খান বলেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনায় প্রাণিসম্পদ অধিদফদর একটি রফতানিমুখী ও আন্তর্জাতিক মানসম্পন্ন প্রাণিসম্পদ খাত গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আন্তর্জাতিক মানের উৎপাদন, স্বাস্থ্য সুরক্ষা, মান নিয়ন্ত্রণ এবং রফতানি সক্ষমতা বৃদ্ধিতে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের প্রাণিসম্পদ পণ্যের গ্রহণযোগ্যতা বাড়াতে সরকারি ও বেসরকারি খাতের সমন্বিত উদ্যোগ অব্যাহত রয়েছে। ভবিষ্যতে আরও নতুন বাজারে দেশীয় প্রাণিসম্পদ পণ্য রফতানির সুযোগ সৃষ্টি হবে।

অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশের বেসরকারি প্রতিষ্ঠান কাজী ফার্মস লিমিটেড প্রথমবারের মতো নাইজেরিয়ায় ১০ হাজার ৪৪০টি পিতৃ-মাতৃ খামারের ডিম ফোটানোর উপযোগী ডিম রফতানি করছে। রফতানিকৃত এই চালানের মূল্য ১৮ হাজার ৭২৯ মার্কিন ডলার। রফতানি করা ডিমগুলো রস ৩০৮ ব্রয়লার জাতের। বর্তমান সরকারের সময়ে এটিই প্রথম ডিম ফোটানোর উপযোগী ডিমের রফতানি চালান।

অনুষ্ঠানে প্রাণিসম্পদ অধিদফতরের উপ-পরিচালক ডা. সাখাওয়াত হোসেন, উপ-পরিচালক ডা. শারমিন সামাদ, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কোয়ারেন্টাইন স্টেশনের ইনচার্জ ডা. মোহাম্মদ ওমর ফারুক, কাজী ফার্মস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী জাহেদুল হাসান, পরিচালক কাজী জিশান হাসান, পরিচালক কাজী জাহিন হাসান, প্রধান নির্বাহী কর্মকর্তা (পোলট্রি ব্যবসা) গাজী এম শামসুদ্দিন, মহাব্যবস্থাপক (বিক্রয়) আবু কাউসার মো. সালেহসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এএইচ/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর