প্রতি বছরের ন্যায় এবারও পবিত্র আশুরা উপলক্ষে পুরান ঢাকার ঐতিহাসিক হোসেনি দালান ইমামবাড়া থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিলের আয়োজন করা হয়েছে। মিছিলকে কেন্দ্র করে পুরো এলাকায় নেওয়া হয়েছে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ, সেনাবাহিনী, র্যাব, সোয়াত, ফায়ার সার্ভিস ও গোয়েন্দা সংস্থার সদস্যরা একযোগে দায়িত্ব পালন করছেন।
শুক্রবার (২৬ জুন) সকাল ১০টায় হোসেনি দালান থেকে মিছিলটি শুরু হয়। আশুরার শোকাবহ পরিবেশে হাজারো মানুষের অংশগ্রহণে মিছিলটি রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ধানমন্ডি লেকসংলগ্ন ‘কারবালা’ প্রান্তে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।

মিছিলের নির্ধারিত রুটে রয়েছে বকশীবাজার, আলিয়া মাদরাসা মোড়, উমেশ দত্ত রোড, উর্দু রোড, লালবাগ চৌরাস্তা, আজিমপুর, ইডেন কলেজ, নিউমার্কেট, সায়েন্সল্যাব, ধানমন্ডি ২ নম্বর সড়ক ও সাত মসজিদ রোড। এ কারণে সংশ্লিষ্ট সড়কগুলোতে বিশেষ ট্রাফিক নির্দেশনা জারি করেছে পুলিশ। অনেক স্থানে যান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে এবং বিকল্প পথ ব্যবহার করতে বলা হয়েছে।
মিছিলে অংশ নেওয়া অধিকাংশ মানুষ কালো পোশাক পরিধান করেছেন। ‘হায় হোসেন’, ‘ইয়া হোসেন’ ধ্বনিতে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। শোক ও শ্রদ্ধা জানাতে বিভিন্ন বয়সী মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন এ ধর্মীয় আয়োজনে।

ইসলামের ইতিহাসে কারবালার মর্মান্তিক ঘটনার স্মরণে প্রতিবছর ১০ মহররমে এই তাজিয়া মিছিল অনুষ্ঠিত হয়। হিজরি ৬১ সনের এই দিনে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হজরত ইমাম হোসেন (রা.) এবং তার পরিবারের সদস্যরা কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করেন। সেই শোক ও ত্যাগের স্মৃতিকে ধারণ করেই যুগ যুগ ধরে পালিত হয়ে আসছে তাজিয়া মিছিলের এই ঐতিহ্য।
এমআর/এএস




