বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ঢাকা

ইপোস্টের সঙ্গে বিতর্কিত চুক্তি তদন্তে ডাক বিভাগের কমিটি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১ জুন ২০২৬, ০৪:২২ পিএম

শেয়ার করুন:

ইপোস্টের সঙ্গে বিতর্কিত চুক্তি তদন্তে ডাক বিভাগের কমিটি
ফাইল ছবি

লাইসেন্সবিহীন প্রতিষ্ঠান ইপোস্ট সফটওয়্যার লিমিটেডের সঙ্গে বাংলাদেশ ডাক অধিদফতরের ১০ বছরের গোপন চুক্তি নিয়ে তদন্তে নেমেছে ডাক বিভাগ। এ বিষয়ে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যা চুক্তির বৈধতা, প্রক্রিয়া এবং ডাক অধিদফতরের ওপর আরোপিত দায়-দায়িত্ব খতিয়ে দেখবে।

রোববার (২১ জুন) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন অধিদফতরের বর্তমান মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম।

ডাক অধিদফতর সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের আমলে ২০২২ সালের নভেম্বরে ইপোস্টের সঙ্গে চুক্তিটি সম্পাদিত হয়। অভিযোগ রয়েছে, চুক্তিটি ছিল একপেশে এবং এতে অধিকাংশ দায়ভার ডাক অধিদফতরের ওপর চাপিয়ে দেওয়া হয়েছিল।

গত ১৩ মে ‘লাইসেন্সবিহীন প্রতিষ্ঠানের সঙ্গে ডাক বিভাগের ১০ বছরের গোপন চুক্তি’ শিরোনামে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি নতুন করে আলোচনায় আসে। এর পরিপ্রেক্ষিতে গত ২৫ মে তদন্ত কমিটি গঠন করা হয়।

ডাক অধিদফতরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, একজন অতিরিক্ত মহাপরিচালকের নেতৃত্বে দুইজন পরিচালক পদমর্যাদার কর্মকর্তাকে নিয়ে কমিটি গঠন করা হয়েছে। তারা চুক্তির পুরো প্রক্রিয়া মূল্যায়ন করবেন এবং কোনো অনিয়ম বা বিধিবহির্ভূত কার্যক্রম হয়েছে কি না তা তদন্ত করবেন।

তিনি আরও বলেন, চুক্তিটি কীভাবে সম্পাদিত হয়েছে, এতে ডাক অধিদফতরের ওপর কী ধরনের দায় সৃষ্টি হয়েছে এবং সেগুলোর বাস্তব প্রভাব কী হতে পারে, তা বিস্তারিতভাবে পর্যালোচনা করবে কমিটি।

তদন্ত কমিটিকে ৩০ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে মহাপরিচালক জানান, কমিটি ইতোমধ্যে কাজ অনেকটা এগিয়ে নিয়েছে এবং অল্প কয়েক দিনের মধ্যেই প্রতিবেদন জমা দিতে পারে।

এমআর/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর