শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ঢাকা

গাড়িচালক-নিরাপত্তাকর্মী মিলে নারীকে হত্যা, দুই বছর পর গ্রেফতার 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ জুন ২০২৬, ১০:২৩ পিএম

শেয়ার করুন:

গাড়িচালক-নিরাপত্তকর্মী মিলে নারীকে হত্যা, দুই বছর পর গ্রেফতার 

‎রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকায় গাড়িচালক ও বাড়ির নিরাপত্তাকর্মী এক অবসরপ্রাপ্ত বিমানবাহিনীর কর্মকর্তার স্ত্রী ফারাহ দীবাকে হত্যার পর নগদ টাকা ও সোনা লুট করা হয়। হত্যার পর আত্মগোপনে চলে যাওয়ার দুই বছর পর কুষ্টিয়া থেকে খুনিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

‎বৃহস্পতিবার (১৮ জুন) রাতে রাজধানীর কাওরান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী।

র‌্যাব পরিচালক বলেন, ২০২৪ সালের ২৭ অক্টোবর মিরপুর ডিওএইচএস এলাকায় অবসরপ্রাপ্ত বিমানবাহিনী কর্মকর্তা উইং কমান্ডার কাজী আব্দুল মতিনের স্ত্রী ফারাহ দীবাকে নিজ বাসায় হত্যা করা হয়। এ ঘটনায় পল্লবী থানায় হত্যা মামলা করা হয়।ঘটনার পরদিন ২৮ অক্টোবর অভিযুক্ত নিরাপত্তাকর্মী মো. মিলন মিয়াকে গ্রেফতার করে র‌্যাব। তার আদালতে দেওয়া ১৬৪ ধারার জবানবন্দি এবং মামলার চার্জশিট অনুযায়ী, নিরাপত্তাকর্মী মিলন মিয়া ও গাড়িচালক সবুজ বিশ্বাস একসঙ্গে বাসায় প্রবেশ করে ফারাহ দীবাকে আক্রমণ করেন।

‎তারা ভুক্তভোগী নারীকে পেছন থেকে জাপটে ধরে মেঝেতে ফেলে দেন। এ সময় সবুজ বিশ্বাস তার মুখ চেপে ধরেন। পরে মিলন মিয়া তার হাত-পা রশি দিয়ে বেঁধে ফেলেন এবং মুখ গামছা দিয়ে পেঁচিয়ে দেন। এতে শ্বাসরোধ হয়ে ফারাহ দীবার মৃত্যু হয়। 

হত্যাকাণ্ড নিশ্চিত হওয়ার পর আসামিরা আলমারি থেকে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে পালিয়ে যায়। তদন্তে প্রমাণিত হয়েছে, লুটপাটের উদ্দেশ্যেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল। বহুল আলোচিত এ ঘটনায় অভিযুক্ত সবুজ বিশ্বাস দীর্ঘদিন ধরেই আত্মগোপনে ছিলেন। তাকে গ্রেফতারে র‌্যাব সদর দফতরের গোয়েন্দা শাখা ও র‌্যাব-১২ যৌথভাবে নজরদারি চালিয়ে আসছিল।

‎র‌্যাব পরিচালক বলেন, তথ্য-প্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার কুষ্টিয়া সদর থানার কোর্ট স্টেশন এলাকায় অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত প্রধান আসামি সবুজ বিশ্বাসকে গ্রেফতার করা হয়।

‎একেএস/ক.ম 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর