বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ঢাকা

‘আগে শুনতাম সবার আগে গোপালগঞ্জ, এখন কি সবার আগে বগুড়া?’ 

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৮ জুন ২০২৬, ০৮:৪২ পিএম

শেয়ার করুন:

‘আগে শুনতাম সবার আগে গোপালগঞ্জ, এখন কি সবার আগে বগুড়া?’ 

বাজেটে আঞ্চলিক বৈষম্যের কড়া সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য আতিকুর রহমান মুজাহিদ বলেছেন, ‘ইদানীং নিন্দুকেরা বলছে দেশে নতুন একটি ‘নবাব উপজেলা’র আবির্ভাব ঘটেছে। আমি বগুড়ার শিবগঞ্জ উপজেলার কথা বলছি। অন্য এলাকা যখন বাজেট পায় না, তখন কী এক জাদুকরী উপায়ে ওই এক উপজেলায় ৭৬ কোটি টাকা চলে যায়! আগে আমরা শুনতাম সবার আগে গোপালগঞ্জ, এখন কি আমরা বলব সবার আগে বগুড়া? আমরা এমন বাংলাদেশ চাই না। আমরা চাই ‘সবার আগে বাংলাদেশ’, যেখানে প্রতিটা প্রান্তের মানুষ সমান বাজেট পাবে।’

বৃহস্পতিবার (১৮ জুন) জাতীয় সংসদে প্রস্তাবিত ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে মুজাহিদ এসব বলেন। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করছিলেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।


বিজ্ঞাপন


আতিকুর রহমান মুজাহিদ বাজেটকে ‘বিশাল ঘাটতি’ ও ‘সাদা হাতির বাজেট’ আখ্যা দিয়ে প্রতিরক্ষা খাতে বরাদ্দ বাড়ানোর জোর দাবি জানান। তিনি বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় প্রতিরক্ষা খাতে পর্যাপ্ত বরাদ্দ না থাকলে তা যথেষ্ট হবে না।

প্রতিরক্ষা খাতের বর্তমান বরাদ্দ নিয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, ‘মাত্র ৪২ হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, যার বড় অংশই পরিচালনা ব্যয়। আধুনিকায়নের জন্য যে অর্থ দরকার, তা অত্যন্ত অপ্রতুল।’ তিনি সীমান্ত পরিস্থিতি ও আঞ্চলিক নিরাপত্তা ঝুঁকির কথা তুলে ধরে বলেন, পঞ্চগড়, হিলি, কুড়িগ্রাম, গাইবান্ধা থেকে শুরু করে দক্ষিণের ফেনী এবং ‘চিকেন নেক’ এলাকায় নিরাপত্তা চ্যালেঞ্জ রয়েছে। একই সঙ্গে মিয়ানমার সীমান্তে সংঘাত এবং পার্বত্য চট্টগ্রামের অস্থিরতার কথাও উল্লেখ করেন তিনি। 


বিজ্ঞাপন


আতিকুর রহমান মুজাহিদ বলেন, বঙ্গোপসাগরে নৌবাহিনীর সক্ষমতা বাড়ানো জরুরি, পাশাপাশি বিমানবাহিনীর আধুনিকায়নেও বিনিয়োগ বাড়াতে হবে। তিনি দাবি করেন, আঞ্চলিক তুলনায় বাংলাদেশের প্রতিরক্ষা ব্যয় এখনো অনেক কম। আবেগাপ্লুত কণ্ঠে তিনি বলেন, ‘এই আজাদ ভূমিকে রক্ষা করার জন্য যদি একবেলা না খেয়েও থাকতে হয়, তবুও স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় প্রতিরক্ষা বাজেট বাড়াতে হবে।’

মুজাহিদ ব্যাংকিং খাতের খেলাপি ঋণ, পুঁজিবাজারের দুর্বলতা এবং বাজেটে থোক বরাদ্দ নিয়েও সমালোচনা করেন। তার মতে, নির্দিষ্ট খাত উল্লেখ ছাড়া বিপুল অংকের থোক বরাদ্দ স্বচ্ছতার প্রশ্ন তৈরি করে। উন্নয়নে আঞ্চলিক বৈষম্যের অভিযোগ তুলে তিনি বলেন, এক এলাকার উন্নয়ন বাড়লেও অন্য এলাকা বঞ্চিত হচ্ছে, যা গ্রহণযোগ্য নয়। তিনি দেশের সব অঞ্চলে সমান উন্নয়ন নিশ্চিত করার আহ্বান জানান।

নিজ এলাকার দুরবস্থার চিত্র তুলে ধরে মুজাহিদ বলেন, বর্ষায় কাদা আর শীতে ধুলায় মানুষ চরম ভোগান্তিতে পড়ছে। বিশেষ করে রাস্তা-পথের দুরবস্থা দীর্ঘদিনের সমস্যা হিসেবে রয়ে গেছে বলেও তিনি উল্লেখ করেন।

আতিকুর রহমান মুজাহিদ বলেন, উন্নয়ন হতে হবে ‘সবার আগে বাংলাদেশ’ নীতিতে, কোনো নির্দিষ্ট অঞ্চলকে কেন্দ্র করে নয়। তিনি সরকারের প্রতি অবহেলিত এলাকাগুলোর দিকে বিশেষ নজর দেওয়ার আহ্বান জানান।

টিএই/ক.ম 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর