প্রতিবন্ধী শিক্ষার্থীদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিশ্চিতকরণ, স্কুল থেকে ঝরে পড়া রোধ এবং তাদের শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে বিশেষ শিক্ষা সহায়তা তুলে দেওয়া হলো।
বৃহস্পতিবার (১৮ জুন) অ্যাকসেস কনফারেন্স হলে ‘প্রজেক্ট ইগনাইট’-এর আওতায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে ২০ জন প্রতিবন্ধী শিক্ষার্থীর হাতে শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।
বিজ্ঞাপন
অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশনের উদ্যোগে এবং ‘দি খান ফাউন্ডেশন’-এর সহযোগিতায় এই মানবিক ও শিক্ষাবান্ধব উদ্যোগটি বাস্তবায়িত হয়।
আয়োজকরা জানিয়েছেন, অনুষ্ঠানে ঢাকার ধামরাই উপজেলার কুল্লা, সূতিপাড়া, সোমভাগ ও নান্নার ইউনিয়ন থেকে নির্বাচিত মোট ২০ জন প্রতিবন্ধী শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ, ডিগনিটি কিটস এবং নগদ শিক্ষা সহায়তা প্রদান করা হয়।
সুবিধাভোগী শিক্ষার্থীদের মধ্যে ১০ জন প্রাথমিক স্তরের, ৭ জন মাধ্যমিক স্তরের এবং ৩ জন কলেজ পর্যায়ের শিক্ষার্থী রয়েছেন।
শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা ও বিদ্যালয়ের প্রতি আগ্রহ বাড়াতে শিক্ষা উপকরণ হিসেবে উন্নত মানের স্কুল ব্যাগ ও পানির বোতল, খাতা, কলম, পেন্সিল, রাবার, কাটার ও রং পেন্সিল, একই সঙ্গে যেসব শিক্ষার্থী বর্তমানে প্রাইভেট শিক্ষকের সহায়তা নিয়ে পড়াশোনা করছে তাদের পড়ালেখার খরচ চালিয়ে নেওয়ার জন্য নগদ টিউশন ফি প্রদান করা হয়।
বিজ্ঞাপন
বিশেষ করে প্রতিবন্ধী নারী শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে সহায়তা প্রদানের পাশাপাশি তাদের ব্যক্তিগত স্বাস্থ্যবিধি, মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা এবং পরিচ্ছন্নতা নিশ্চিত করার লক্ষ্যে শিক্ষা উপকরণের সঙ্গে ‘ডিগনিটি কিটস’ বিতরণ করা হয়। যার মধ্যে রয়েছে- একটি বালতি, স্যানিটারি প্যাড, সাবান ও ডিটারজেন্ট পাউডার, নারিকেল তেল, শ্যাম্পু, স্যাভলন এবং এক জোড়া স্যান্ডেল।
আয়োজকরা আশা প্রকাশ করেন, এসব উপকরণ শিক্ষার্থীদের দৈনন্দিন পরিচ্ছন্নতা বজায় রাখা, নিরাপদ ও স্বাস্থ্যসম্মতভাবে মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা এবং বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি ও অংশগ্রহণে দারুণ সহায়তা করবে। এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের স্বাস্থ্য, মর্যাদা ও আত্মবিশ্বাস বৃদ্ধির পাশাপাশি তাদের শিক্ষার মূলধারায় সক্রিয় রাখা সম্ভব হবে।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারপারসন মহুয়া পাল, নির্বাহী পরিচালক আলবার্ট মোল্লা, হেড অব প্রোগ্রাম মো. সোহেল রানা এবং ইনক্লুশন লীড তসলিম জাহান বীথি।
বিইউ/এআর




