বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ঢাকা

আসবাবপত্র চাওয়া নিয়ে বিতর্ক, স্পিকার বললেন ‘গর্হিত অপরাধ’ করেননি

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৮ জুন ২০২৬, ০৫:১৩ পিএম

শেয়ার করুন:

আসবাবপত্র চাওয়া নিয়ে বিতর্ক, স্পিকার বললেন ‘গর্হিত অপরাধ’ করেননি
জাতীয় সংসদ। ফাইল ছবি

সংসদ সদস্যদের জন্য ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন ও পর্দার দাবি ঘিরে জাতীয় সংসদে বিতর্কের সৃষ্টি হয়েছে। এ নিয়ে এক সংসদ সদস্যের বক্তব্যের জেরে আরেক সদস্যের সমালোচনার পর বিষয়টি স্পিকারের হস্তক্ষেপ পর্যন্ত গড়ায়। তবে স্পিকার বলেন, সংশ্লিষ্ট সংসদ সদস্য ‘গর্হিত কোনো অপরাধ’ করেননি।

বৃহস্পতিবার (১৮ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনার আগে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) সদস্য আন্দালিব রহমান পার্থ এ বিষয়ে বক্তব্য দেন।


বিজ্ঞাপন


এর আগে বুধবার বাজেট আলোচনায় অংশ নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মিজানুর রহমান সংসদ সদস্যদের জন্য বরাদ্দ দেওয়া ফ্ল্যাটে একটি করে ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েভ ওভেন সরবরাহ এবং দরজা-জানালায় পর্দা লাগানোর দাবি জানান।

বৃহস্পতিবার এ প্রসঙ্গ টেনে আন্দালিব রহমান পার্থ বলেন, ১১ দলীয় জোটের সংসদ সদস্যরা গাড়ি ও প্লট নেবেন না বলে ঘোষণা দিয়েছেন। সেই প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, “আসলেই যদি গাড়ি আর প্লট যখন তারা বাদ দিলো, তখন ওনাদের বুকের ওপরে কত বড় পাথর চাপা দিয়ে বাদ দিতে হলো যে মাইক্রোওয়েভ আর ওয়াশিং মেশিনের জন্য এই পার্লামেন্টে দাঁড়িয়ে কথা বলতে হচ্ছে।”

তিনি আরও বলেন, “জামায়াতের এমপির এই ডিমান্ডস— ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ অ্যান্ড কার্টিনস— এইটা আমাকে অনেক লজ্জা দেয়।”

পার্থ বলেন, তিনি বিষয়টি গুরুত্ব দিয়েই বলছেন। এরপরও যদি ওই সংসদ সদস্যের মাইক্রোওয়েভ বা পর্দার প্রয়োজন হয়, তাহলে তিনি ব্যক্তিগতভাবে একটি মাইক্রোওয়েভ দিতে প্রস্তুত। একই সঙ্গে ওয়াশিং মেশিন দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর প্রতিও অনুরোধ জানান তিনি।


বিজ্ঞাপন


আরও পড়ুন: সংসদে মাথা ঝুঁকিয়ে সম্মান জানানোর বাধ্যবাধকতা নেই: স্পিকার

এ সময় স্পিকার বক্তব্য দিয়ে বলেন, একজন সংসদ সদস্য বাজেটের ওপর আলোচনায় অংশ নিতে গিয়ে এসব কথা বলেছেন। বাজেট অধিবেশনে অনেক ধরনের বিষয়ই উত্থাপন করা যায়। তিনি বলেন, “আমি মনে করি, এটা সংসদে না বললেও ভালো হতো। তবে এটা বলে তিনি গর্হিত কোনো অপরাধ করেননি।”

স্পিকার আরও বলেন, সংসদের হাউস কমিটি রয়েছে, যেখানে সদস্যদের সুযোগ-সুবিধা ও আসবাবপত্রসংক্রান্ত বিষয় আলোচনা হয়। সংশ্লিষ্ট সদস্য শুধু নিজের জন্য নয়, সংসদের সব সদস্যের জন্যই বিষয়গুলো চেয়েছেন। তাই এ নিয়ে আর বিতর্ক না বাড়ানোর আহ্বান জানান তিনি।

এরপর পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, একজন সংসদ সদস্য সবার জন্য একটি বিষয় চেয়েছেন। তিনি সংসদে না বললেও পারতেন। কিন্তু সেটিকে কেন্দ্র করে আরেকজন সদস্য বাড়ি-গাড়িসহ নানা প্রসঙ্গ টেনেছেন। তিনি প্রশ্ন রাখেন, “সেই সংসদ সদস্য কি তার কাছে চেয়েছে যে তিনি দিয়ে দেবেন?”

ডা. শফিকুর রহমান বলেন, সংসদে দাঁড়িয়ে কেউ যেন কারও সম্মানে আঘাত না করেন, সে বিষয়ে সবার সতর্ক থাকা উচিত।

টিএই/এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর