প্রধানমন্ত্রী তারেক রহমান তার দায়িত্বে ‘অসম্ভব চাপ’ অনুভব করছেন বলে জানিয়েছেন।
মঙ্গলবার (১৬ জুন) বিকেলে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপি বিট সাংবাদিকদের এক মতবিনিময় সভায় এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এমনটাই জানান প্রধানমন্ত্রী।
বিজ্ঞাপন
ওই সাংবাদিকের প্রশ্ন ছিল- নতুন সরকার, ২০ বছর পরে বিএনপি সরকারে। আপনি কেমন ফিল করছেন এজ এ প্রাইম মিনিস্টার, এই চার মাসে?
জবাবে তারেক রহমান বলেন, ‘এখানে একজন (সাংবাদিক) তার বক্তব্যে বলেছেন, উনি নির্বাচনের পরে বিভিন্ন জায়গায় যাচ্ছেন, উনি মানুষের চোখে-মুখে যেটা (খুশি) দেখেছেন আমার মনে হয় একই জিনিস মনে হয় আমিও দেখেছি।’
প্রধানমন্ত্রী বলেন, ‘অনেস্টলি এটা নিয়ে অনেকে অনেক রকম অর্থ করতে পারে। বাট অবশ্যই দায়িত্বের একটা চাপ অসম্ভবভাবে অনুভব করছি। প্রচুর সমস্যা, প্রচুর লিমিটেশন, অ্যাট দ্য সেইম টাইম বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের প্রত্যাশা অনেক বেশি। সো, অসম্ভব একটা চাপ অনুভব করছি দায়িত্বে।’

বিজ্ঞাপন
গত ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি বিপুল সংখ্যাগরিষ্ঠা লাভের পর দলটির চেয়ারম্যান হিসেবে গত ১৭ ফেব্রুয়ারি প্রথমবারের মতো দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান।
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘আমি আব্বার কাছ থেকে শুনেছিলাম, কয়েকদিন আগে আমি অফিস থেকে যখন বাসায় যাচ্ছি, তখন আমার সঙ্গে গাড়িতে যারা ছিল, তখন আমি বলছিলাম আব্বা একসময় কথা বলেছিলেন, ওনার একজন সহকর্মীকে, যে দিনটা যদি ২৪ ঘণ্টা না হয়ে ৪৮ ঘণ্টা হতো, তাহলে আমরা আরেকটু বেটার কাজ করতে পারতাম। আমি ওদিন বলছিলাম, দিনটা মানে কখন অফিসে ঢুকছি এবং কখন সন্ধ্যা হয়ে যাচ্ছে, একটুও বুঝতে পারছি না। দম ফেলানোর টাইম পাওয়া যাচ্ছে না। সেজন্য আমারও মনে হয় যে, দিন ২৪ ঘণ্টায় না হয়ে যদি ৪৮ ঘণ্টায় হতো, তাহলে একটু ভালো হতো।’
‘আমার হাড্ডিটা এখনো বাঁকা’
প্রধানমন্ত্রী বলেন, ‘আমি জেলের মধ্য থেকে এসেছি, শারীরিকভাবে নির্যাতিত হয়েছি, মানসিকভাবে নির্যাতিত হয়েছি। আমি মনে করি, এই মুহূর্তে আমাদের চিন্তাটা, হ্যাঁ হয়েছে। সেক্ষেত্রে আমি অনেক কিছু বলতে পারি যে, আমি এই হারিয়েছি, ওই হারিয়েছি, এ এটার জন্য দায়ী, সে সেটার জন্য দায়ী।’
তিনি বলেন, ‘আমাকে শারীরিকভাবে নির্যাতন করার জন্য এখনো এক্সরে করলে হয়ত দেখা যাবে আমার পিঠের হাড্ডিটা এখনো বাঁকাভাবে একটু লেগে আছে। যেহেতু প্রায় অনেকদিন এটা করে ফেলে রাখা হয়েছিল, প্রপার টাইমে চিকিৎসা করা হয়নি, সেজন্য হয়ত একটু বাঁকাভাবে রয়ে গিয়েছে। চার সপ্তাহর মধ্যে তিন দিনে হাড্ডি জোড়া লেগে যায়।’

তারেক রহমান বলেন, ‘বাট আমি এখন যদি যারা এটার জন্য দায়ী, হয়ত সেটা করা আমার জন্য পসিবল, কিন্তু আমার তো হাড্ডি জোড়া লাগবে না। আমি এখনো যেই পেইনটা মাঝে মাঝে অনুভব করি, আমার কি সেই পেইনটা চলে যাবে, বন্ধ হয়ে যাবে? তা তো হবে না। আমার মনে হয় সেজন্যই আমাদের এই মাইন্ডসেট থেকে বেরিয়ে আসা উচিত। আপনি এখনো বেঁচে আছেন, আপনি এখনো চলছেন, আপনি এখনো ফিরছেন আপনি এখনো আপনার পরিবার আপনার সঙ্গে আছেন। আমার মনে আমাদের চিন্তা করা উচিত এভাবে যে, আমরা এখন কি কন্ট্রিবিউট করতে পারি ফর দ্য নেশন, ফর দ্য কান্ট্রি- এভাবে আমাদের বিষয়টা একটু চিন্তা করা উচিত। হ্যাঁ আমার যে ক্ষতি হয়ে গেছে, এর রিটার্ন আর আসবে না। এটা থেকে একটু আমাদের অবস্থান পরিবর্তন করা উচিতৃ. এই কথাটা আপনাদেরকে বলছি, আমাকে দয়া করে সাহায্য করবেন এই কথাটা আমার নেতাকর্মীদের কাছে পৌঁছে দেওয়ার জন্য।’
প্রধানমন্ত্রীর উপ প্রেসসচিব জাহিদুল ইসলাম রনির সঞ্চালনায় এই মতবিনিময় সভায় তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন, প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদী আমিন, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, স্পিচ রাইটার এসএএম মাহফুজুর রহমান, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, উপপ্রেস সচিব হাসান শিপলু, সুজাউদ্দৌলা সুজন, শাহাদাত হোসেন স্বাধীন প্রমূখ উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী মতবিনিময় সভার আগে সাংবাদিকদের সঙ্গে মধ্যহ্নভোজে অংশ নেন এবং খোলামেলা আলাপচারিতা করেন।
বিইউ/এএইচ




