রাজধানীর চানমারী ঘাট থেকে খিলগাঁও রেল ক্রসিং পর্যন্ত এলাকার ফুটপাত ও সড়কে অভিযান চালিয়ে অবৈধ দোকানপাট উচ্ছেদের পাশাপাশি চারজন ব্যবসায়ীকে মোট ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) এই উচ্ছেদ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
বিজ্ঞাপন

ডিএসসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, অভিযান চলাকালে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯-এর বিধান অমান্য করায় তিনজন ব্যবসায়ীকে মোট ৯ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
এছাড়া পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন- ২০১১ অনুযায়ী স্বাস্থ্যসম্মত উপায়ে মাংস বিক্রয় ও সংরক্ষণ সংক্রান্ত বিধান লঙ্ঘনের দায়ে একজন মাংস বিক্রেতাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

ডিএসসিসি জানায়, মোবাইল কোর্ট পরিচালনাকালে জব্দকৃত বিভিন্ন আসবাবপত্র ও সামগ্রী তাৎক্ষণিকভাবে (অনস্পট) নিলামের মাধ্যমে ৬ হাজার টাকায় বিক্রয় করা হয়।
জনস্বার্থে নগরীর সড়ক, ফুটপাত ও জনসাধারণের চলাচলের স্থান দখলমুক্ত রাখা এবং নিরাপদ ও স্বাস্থ্যসম্মত নগর পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে বলে জানানো হয়।
এএম/এএইচ




