রাজধানীর মোহাম্মদপুরে ট্রাকের ধাক্কায় মানারাত ইউনিভার্সিটির আইন বিভাগের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। তার নাম মো. আবু জোবায়ের।
সোমবার দিবাগত রাত ১১টার দিকে মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় বাংলাদেশ ইউনিভার্সিটির কাছে এই দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
আবু জোবায়ের বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৪৬তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তিনি বিশ্ববিদ্যালয়ের বিতর্ক সংগঠন ‘মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ডিবেট ক্লাব (এমআইইউডিসি)’-এর সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এমআইইউডিসির প্রতিনিধি হিসেবে তিনি জাতীয় পর্যায়ের বিভিন্ন বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সাফল্য অর্জন করেন।
আবু জোবায়েরের বাড়ি দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার ভোগীরপাড়া এলাকায়। তার বাবার নাম মো. আবুল কালাম আজাদ। মায়ের নাম জহুরা বেগম। দুই ভাইয়ের মধ্যে আবু জোবায়ের বড়। ছোট ভাই সপ্তম শ্রেণির ছাত্র। জোবায়েরের আরও এক ভাই ছিল। কয়েক বছর আগে তিনিও মারা যান। ফলে জোবায়েরের মৃত্যুতে তার পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
নিহতের চাচাতো ভাই আবিদ জানান, জোবায়ের মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় খালার বাসায় থেকে লেখাপড়া করতেন। সোমবার রাতে দুই বন্ধুর সঙ্গে রিকশাযোগে এক বন্ধুর বাসায় যাচ্ছিলেন। বাংলাদেশ ইউনিভার্সিটির কাছে পৌঁছার পর একটি ট্রাক পেছন থেকে রিকশাটিকে ধাক্কা দেয়। এতে অন্য দুই বন্ধু সামান্য আহত হলেও জোবায়ের গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জোবায়েরকে মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
পরে মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। যেখানে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে মানারাত বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থীকে।
জোবায়েরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবদুর রব। এক শোকবার্তায় তিনি মরহুমের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
জোবায়েরের মাগফেরাত কামনায় মঙ্গলবার (১৬ জুন) বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের নামাজের স্থানে আইন বিভাগের উদ্যোগে দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে।
এমআর




