ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালা-২০২৬-এর খসড়া প্রকাশ করেছে সমাজকল্যাণ মন্ত্রণালয়।
শুক্রবার (১২ জুন) মন্ত্রণালয়ের ওয়েবসাইটে খসড়াটি প্রকাশ করা হয়। একই সঙ্গে এ বিষয়ে জনমত ও পরামর্শ আহ্বান করা হয়েছে।
বিজ্ঞাপন
মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের সামাজিক নিরাপত্তা কর্মসূচিকে আরও আধুনিক, পরিবারকেন্দ্রিক ও স্বচ্ছ করতে সময়োপযোগী ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালার খসড়া প্রণয়ন করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, খসড়া নীতিমালাকে অধিকতর জনবান্ধব ও ত্রুটিমুক্ত করতে সংশ্লিষ্ট অংশীজন, বিশেষজ্ঞ এবং সাধারণ জনগণের সুচিন্তিত মতামত ও গঠনমূলক পরামর্শ প্রয়োজন। এ কারণে খসড়াটি প্রকাশ করে সবার মতামত আহ্বান করা হয়েছে।
মতামত ও পরামর্শ আগামী তিন কার্যদিবসের মধ্যে ই-মেইল অথবা ডাকযোগে পাঠানো যাবে। ই-মেইল ঠিকানা: [email protected] এবং [email protected]। এছাড়া ডাকযোগে উপসচিব (ফ্যামিলি কার্ড কর্মসূচি), সমাজকল্যাণ মন্ত্রণালয়, কক্ষ নং-৩১৬, ভবন নং-০৬, বাংলাদেশ সচিবালয়, ঢাকা-১০০০ ঠিকানায় মতামত পাঠানো যাবে।
খসড়া নীতিমালার অনুলিপি সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট দপ্তর ও কর্মকর্তাদের কাছেও পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপি তাদের নির্বাচনি ইশতেহারে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির প্রতিশ্রুতি দিয়েছিল।
সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে আগামী ১ জুলাই থেকে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
শনিবার (১৩ জুন) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
এম/এএইচ




