রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৬০০ গ্রাম স্বর্ণালংকারসহ ছয়জনকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। যার বাজার মূল্য ৯৪ লাখ টাকারও বেশি।
আটককৃতরা হলেন- মনির হোসেন (৩২), কাজী মাসুদ (২৩), সাইদুল ইসলাম (২৬), ইলিয়াছ খাঁন (৩৩), সাব্বির মিয়া (২২) এবং মো. কামাল হোসেন (৪৪)।
বিজ্ঞাপন
বুধবার (১১ জুন) বিকেলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সম্মুখস্থ সরকারি খোলা পার্কিং এলাকার দক্ষিণ পাশে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন এই ছয়জন।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে একটি মাইক্রোবাসযোগে সুকৌশলে পালানোর চেষ্টা করলে এয়ারপোর্ট এপিবিএনের সদস্যরা তাদের আটক করে।
এপিবিএন জানিয়েছে, আটককৃতদের এয়ারপোর্ট এপিবিএন অফিসে আনার পর তাদের শরীর তল্লাশী করা হয়। এসময় তাদের কাছ থেকে সর্বমোট ৫৯৭. ৩ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত প্রতিটি স্বর্ণালংকার ২২ ক্যারেট মানের। যার আনুমানিক বাজারমূল্য ৯৪ লাখ ৪২ হাজার ১৪০ টাকা।
আটককৃতরা জিজ্ঞাসাবাদে এপিবিএনকে জানিয়েছে, উদ্ধারকৃত স্বর্ণালংকারগুলো বিভিন্ন দেশ থেকে অজ্ঞাত যাত্রীদের মাধ্যমে চোরাচালানের উদ্দেশে বাংলাদেশে আনা হয়েছিল। তারা দীর্ঘদিন ধরে রিসিভার হিসেবে বিমানবন্দরকেন্দ্রিক স্বর্ণ চোরাচালান সিন্ডিকেটের সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় একটি নিয়মিত মামলা হয়েছে।
বিজ্ঞাপন
এ বিষয়ে এয়ারপোর্ট ১৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নের পুলিশ সুপার মোহাম্মদ রেজাউল কবির বলেন, বিমানবন্দর এলাকা থেকে ছয়জনকে আটকের পর স্বর্ণালংকার পাওয়া যায়। এ ঘটনায় মামলা হয়েছে।
যেকোনো চোরাচালান কার্যক্রম প্রতিরোধে এ ধরনের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে বলেও জানিয়েছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন।
এমআইকে/এএইচ




