বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ঢাকা

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যায় আরও দুজন গ্রেফতার 

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১০ জুন ২০২৬, ১১:৫৬ পিএম

শেয়ার করুন:

A
ফাইল ছবি

রাজধানীর মৌচাক এলাকার আনারকলি মার্কেটের সামনে স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক বিল্লাল হত্যা মামলায় আরও দুই আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব। তারা হলেন- সিরাজ ও গোল্ডেন রাকিব।

বুধবার (১০ জুন) রাতে তাদেরকে লক্ষ্মীপুর থেকে গ্রেফতার করা হয়েছে।


বিজ্ঞাপন


বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাবের মিডিয়া বিভাগ।

এদিকে র‌্যাব-৩ এর একটি সূত্র জানিয়েছে, বিল্লাল হত্যাকাণ্ডে দুজনকে গ্রেফতার করা হয়েছে। তারা এজাহারভুক্ত অন্যতম আসামি। তারা হত্যাকাণ্ডের পর থেকে পলাতক ছিল। তাদের অবস্থান জানার পর লক্ষীপুর থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। আসামিদের ঢাকায় আনা হচ্ছে। এ ঘটনায় আরও কয়েকজন জড়িত। তারা পলাতক। তাদেরকে খোঁজা হচ্ছে।

এর আগে এ হত্যা মামলায় রিয়াজুল হাসান (৫০) ও মো. আল আমিন মাহিন (৩৭) নামে দুজনকে গ্রেফতার করা হয়। এর মধ্যে রিয়াজুলকে পাঁচ দিন এবং মাহিনকে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এদিকে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন মামলার এজহার গ্রহণ করে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৯ জলাই দিন ধার্য করেছেন।


বিজ্ঞাপন


মামলার অভিযোগ থেকে জানা যায়, বিল্লাল হোসেন রমনা এলাকার আরাফাত মার্কেটে ব্যবসা করতেন। স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে দিদারুল ইসলাম বাবুসহ কয়েকজনের সঙ্গে তার দীর্ঘদিনের বিরোধ ছিল।

গত ৮ জুন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দিদারুল ইসলাম বাবু ‘শালিসের কথা’ বলে বিল্লাল হোসেনকে আরাফাত মার্কেটের পেছনে ডেকে নেন। সেখানে আগে থেকেই অবস্থান নেওয়া আসামিরা তাকে ঘিরে ধরে এলোপাতাড়ি মারধর শুরু করে। একপর্যায়ে দিদারুল ইসলাম বাবু ও তার সহযোগীরা লোহার রড, ক্রিকেট স্টাম্প ও ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করেন।

মামলার অভিযোগ থেকে আরো জানা যায়, হামলার একপর্যায়ে দিদারুল ইসলাম বাবু বিল্লাল হোসেনের বুকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টা ৪৫ মিনিটে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ৯ জুন বিল্লাল হোসেনের স্ত্রী আছিয়া খাতুন বাদী হয়ে রমনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় দিদারুল ইসলাম বাবুসহ ২১ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ৭-৮ জনকে আসামি করা হয়েছে।

এমআইকে/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর