মালয়েশিয়া প্রবাসীর ছেলেকে অপহরণ করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগে আরিফুল (৩০) ও সানি (২২) নামে দুই অপহরণকারীকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
মঙ্গলবার (৯ জুন) ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থানার শফিরকান্দি গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
বিজ্ঞাপন
সিআইডির মিডিয়া বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে।
সিআইডি জানিয়েছে, এক মালয়েশিয়া প্রবাসী প্রতি মাসে তার পরিবারের জন্য টাকা পাঠান। গত ১১ জানুয়ানি প্রবাসীর ছেলের ফোনে কল আসে যে, তার বাবা ৫০ হাজার টাকা পাঠিয়েছেন। সেই টাকা গ্রহণের জন্য তাকে দক্ষিণখানের জয়নাল মার্কেট এলাকায় যেতে বলা হয়। প্রবাসীর ছেলে সরল বিশ্বাসে সেখানে গেলে ওঁৎ পেতে থাকা অপহরণকারীরা তাকে কৌশলে একটি প্রাইভেটকারে তুলে নেয়। এরপর তাকে মিরপুর পল্লবীর একটি ভবনে নিয়ে যায় তারা। সেখানে তাকে আটকে রেখে মারধর করা হয় এবং তার কাছে থাকা নগদ ২০ হাজার ৫০০ টাকা ও বিকাশ অ্যাকাউন্ট থেকে সাড়ে ৮ হাজার টাকা হাতিয়ে নেওয়া হয়।
পরে অপহরণকারীরা তার পরিবারের সঙ্গে যোগাযোগ করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে এবং টাকা না দিলে তাকে হত্যার হুমকি দেয়।
সিআইডি আরও জানায়, ছেলের পরিবার পুলিশকে বিষয়টি জানালে আইনশৃঙ্খলা বাহিনীর জোরদার অনুসন্ধান কার্যক্রম শুরু হয়। পুলিশি তৎপরতার বিষয়টি টের পেয়ে অপহরণকারীরা পরদিন গভীর রাতে শেরে-ই বাংলা নগর এলাকায় একটি সিএনজিতে তুলে দেয় ছেলেটিকে। এরপর তারা পালিয়ে যায়। এরপর পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে বাসায় নিয়ে যান।
এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে দক্ষিণখান থানায় একটি মামলা করেন। সেই মামলার তদন্তভার পাওয়ার পর সিআইডি অভিযান চালিয়ে দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে।
বিজ্ঞাপন
অপরহরণকারীরা জানিয়েছে, তারা অনেক বছর ধরে মালয়েশিয়ায় থাকতেন। এই ঘটনার কয়েকদিন আগে পরিকল্পনা করে বাংলাদেশে আসেন এবং আবার মালয়েশিয়ায় পালিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।
সিআইডির তদন্তে আরও উঠে এসেছে, এই চক্রটি কয়েক বছর ধরে বাংলাদেশ ও মালয়েশিয়ায় একই ধরনের অপহরণ, ভয়ভীতি দেখিয়ে এবং মুক্তিপণ আদায় করে আসছিল।। তাদের মধ্যে সানির বিরুদ্ধে বাঞ্চারামপুর থানায় একটি পুরনো মামলাও রয়েছে।
এমআইকে/এএইচ




