বুধবার, ১০ জুন, ২০২৬, ঢাকা

এক বছরের মধ্যেই ঝিলমিলে বাড়ি নির্মাণের সুযোগ: গৃহায়নমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ জুন ২০২৬, ০৫:৪৮ পিএম

শেয়ার করুন:

Minister zakaria taher
ঝিলমিল আবাসিক প্রকল্প পরিদর্শনে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। ছবি: ঢাকা মেইল

কেরানীগঞ্জের ঝিলমিল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দপ্রাপ্তরা যাতে আগামী এক বছরের মধ্যেই বাড়ি নির্মাণ শুরু করতে পারেন, সে লক্ষ্য নিয়ে প্রয়োজনীয় অবকাঠামো ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে কাজ করছে সরকার বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের।

বুধবার (১০ জুন) রাজউক বাস্তবায়িত ঝিলমিল আবাসিক প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা বলেন।


বিজ্ঞাপন


মন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে ঝিলমিল প্রকল্পে প্রত্যাশিত অগ্রগতি ছিল না। তবে বর্তমানে প্রকল্পের বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন কাজ দ্রুত এগিয়ে চলছে। আবাসিক এলাকার বাসিন্দাদের জন্য প্রয়োজনীয় নাগরিক সুবিধা নিশ্চিত করতে থানা, স্কুল, হাসপাতাল ও ইটিপি (এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট) নির্মাণের কাজ চলমান রয়েছে।

জাকারিয়া তাহের বলেন, প্রকল্প এলাকায় অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স নির্মাণের কাজও শিগগিরই শুরু হবে। পাশাপাশি পুরো এলাকা আলোকিত করতে স্ট্রিট লাইট স্থাপন এবং নিরাপত্তা জোরদারে সিসি ক্যামেরা বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাকারিয়া তাহের বলেন, ঝিলমিল এলাকায় স্থায়ী থানা নির্মাণের কাজ চলমান রয়েছে। এরই মধ্যে স্থানীয় থানার পাঁচটি টহল টিম প্রকল্প এলাকায় নিয়মিত দায়িত্ব পালন করছে।

পরিদর্শনকালে মন্ত্রী নির্মাণাধীন স্কুল, হাসপাতাল ও থানা ভবনের কাজ ঘুরে দেখেন। পরে প্রকল্পের সাইট অফিসে আয়োজিত এক উপস্থাপনায় প্রকল্প পরিচালক মো. আমিনুর রহমান চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।


বিজ্ঞাপন


এ সময় ঝিলমিল সোসাইটির কোষাধ্যক্ষ মো. মোশারফ হোসেন প্লট মালিকদের বিভিন্ন প্রত্যাশা ও সুবিধার বিষয় তুলে ধরেন।

পরিদর্শনে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম এবং রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম উপস্থিত ছিলেন।

এ ছাড়া রাজউকের ঊর্ধ্বতন কর্মকর্তা, কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উমর ফারুক, প্রধান নগর পরিকল্পনাবিদ মো. আশরাফুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং প্লট বরাদ্দপ্রাপ্ত ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

এমআর/ক.ম 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর