বুধবার, ১০ জুন, ২০২৬, ঢাকা

বিজ্ঞানভিত্তিক উদ্ভাবনের মাধ্যমে দেশ গড়ার আহ্বান জুবাইদা রহমানের

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১০ জুন ২০২৬, ০২:১০ পিএম

শেয়ার করুন:

JUBAIDA RAHMAN
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল প্রাঙ্গণে একটি নিম গাছের চারা রোপণ করে জেডআরএফ আয়োজিত “মাসব্যাপী বৃক্ষরোপণ” কর্মসূচির উদ্বোধন করা হয়। - ঢাকা মেইল

একটি সুন্দর ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে ব্যাপক বৃক্ষরোপণের মাধ্যমে ‘সবুজ বিপ্লব’ এবং বৈজ্ঞানিক উদ্ভাবনের মাধ্যমে দেশের নানা সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ভাইস প্রেসিডেন্ট ও বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডা. জুবাইদা রহমান।

বুধবার (১০ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল প্রাঙ্গণে একটি নিম গাছের চারা রোপণ করে জেডআরএফ আয়োজিত “মাসব্যাপী বৃক্ষরোপণ” কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।


বিজ্ঞাপন


পরে ঢাবির উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সেন্ট্রাল গ্যালারিতে 'ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে– বিজ্ঞান মেলা-২০২৬' এর উদ্বোধন ঘোষণা করেন ডা. জুবাইদা রহমান। এসময় তিনি এসব কথা বলেন।

স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম-এর ৪৫তম শাহাদাতবার্ষিকী উদযাপন উপলক্ষে এই কর্মসূচির আয়োজন করা হয়।
ডা. জুবাইদা রহমান গভীর শ্রদ্ধার সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মরহুমা খালেদা জিয়াকে স্মরণ করেন।

তিনি বলেন, ‘বৃক্ষরোপণকে শুধু একটি প্রচলিত আনুষ্ঠানিক কর্মসূচি হিসেবে দেখলে চলবে না। জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে একে অর্থনৈতিক, সামাজিক ও প্রজন্মগত উন্নয়নের একটি ‘সবুজ বিপ্লবে’ রূপান্তর করতে হবে।’


বিজ্ঞাপন


পরিবেশ রক্ষায় যুবসমাজকে সম্পৃক্ত করতে তিনি 'গ্রিন ভলান্টিরিজম, ক্লাইমেট ইয়ুথ ফেলোশভিত্তিক স্টার্টআপ তহবিল' গঠনের বৈপ্লবিক প্রস্তাব তুলে ধরেন। একই সঙ্গে শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই পরিবেশ-সচেতন করে তুলতে স্কুলের পাঠ্যক্রমে সবুজ স্বেচ্ছাসেবার বিষয় যুক্ত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বিজ্ঞান মেলার উদ্বোধনকালে ডা. জুবাইদা রহমান বলেন, চিকিৎসাবিদ্যা, উদ্ভিদবিদ্যা, পদার্থবিদ্যা, রসায়ন ও তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে বৈজ্ঞানিক উদ্ভাবন ও সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে দেশের সমসাময়িক নানা সমস্যার সমাধান সম্ভব। শিক্ষক ও শিক্ষার্থীরাই পারেন দেশের বিভিন্ন সমস্যার বৈজ্ঞানিক ও বাস্তবমুখী সমাধান উদ্ভাবন করতে। নতুন নতুন আবিষ্কারের মধ্য দিয়েই মানুষের কষ্ট লাঘব হবে এবং একটি উন্নত বাংলাদেশ গড়ার পথ সুগম হবে।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি একই দিনে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়ে ডা. জুবাইদা রহমান ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ প্রতিযোগিতার সর্বাঙ্গীণ সফলতা কামনা করেন।

জেডআরএফ‘র ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খানের সভাপতিত্বে এবং কর্মসূচির আহ্বায়ক অধ্যাপক লুৎফর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক অধ্যাপক ড. আ ফ ম ইউসুফ হায়দার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম, ডা. মোস্তফা আজিজ সুমন, কৃষিবিদ বয়জার রহমান।

এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রোভিসি) অধ্যাপক ড. আব্দুস সালাম, অধ্যাপক আল মোজাদ্দেদী আলফে ছানী, জেডআরএফ‘র পরিচালক ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ, অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাম্মদ শামীম, কৃষিবিদ শফিউল আলম দিদার, আমিরুল ইসলাম কাগজীসহ বিভিন্ন অনুষদের ডিন, হলের প্রাধ্যক্ষ, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও বিপুল সংখ্যক শিক্ষক-শিক্ষার্থী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বিইউ/এমআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর