সোমবার, ৮ জুন, ২০২৬, ঢাকা

সামাজিক মাধ্যমে গুজব ঠেকাতে আইন সংশোধন হচ্ছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮ জুন ২০২৬, ০৯:০৫ পিএম

শেয়ার করুন:

সামাজিক মাধ্যমে গুজব ঠেকাতে আইন সংশোধন হচ্ছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারপ্রধান, তার পরিবার এবং গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্বদের নিয়ে অপপ্রচার, গুজব ও মানহানিকর কনটেন্ট প্রতিরোধে ‘সাইবার সুরক্ষা আইন ২০২৬’ নামে একটি সংশোধনী আনার কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সোমবার (৮ জুন) জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হেলেন জেরিন খানের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কোনো প্রতিনিধি উপস্থিত না থাকায় চিফ হুইপের চিঠির বিধান অনুযায়ী স্বরাষ্ট্রমন্ত্রী এ প্রশ্নের উত্তর দেন।


বিজ্ঞাপন


স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বাধীন মতপ্রকাশের নামে সরকারপ্রধান, তার পরিবার এবং গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিদের নিয়ে বিভ্রান্তিকর ও মানহানিকর কনটেন্ট ছড়ানো হচ্ছে। এসব অপপ্রচার ও গুজব প্রতিরোধে আইনি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুন: প্রশংসনীয় অবদান ও কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ ১৫ পুলিশ সদস্য পুরস্কৃত

তিনি জানান, প্রস্তাবিত সংশোধনীতে গুজব ও মানহানির সংজ্ঞা আধুনিকায়নের পাশাপাশি অপরাধীদের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রাখা হবে। একই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি ক্ষতিকর ও মানহানিকর কনটেন্ট দ্রুত অপসারণের ব্যবস্থাও রাখা হবে।

মেটা বা ফেসবুকের মতো আন্তর্জাতিক প্রযুক্তি প্ল্যাটফর্মগুলোর ভূমিকা প্রসঙ্গে এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, পার্শ্ববর্তী কয়েকটি দেশ আইনি কাঠামোর মাধ্যমে মেটাকে ২৪ ঘণ্টার মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাধ্য করেছে। কিন্তু বাংলাদেশের বর্তমান আইনে সে ধরনের কঠোর বিধান না থাকায় বিটিআরসির অনুরোধ সবসময় কার্যকর হয় না।


বিজ্ঞাপন


তিনি বলেন, নতুন আইনে নির্দিষ্ট সময়সীমার মধ্যে বিতর্কিত কনটেন্ট অপসারণের বাধ্যবাধকতা রাখা হচ্ছে। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সরকারের ক্ষমতাপ্রাপ্ত অন্যান্য সংস্থা ও বিটিআরসিকে কনটেন্ট ব্লক ও তথ্য হস্তান্তরের ক্ষমতা দেওয়ার প্রস্তাব রয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, অনলাইন ও অফলাইন জুয়া নিয়ন্ত্রণে ১৮৬৭ সালের জুয়া প্রতিরোধ আইন আধুনিকায়ন করে নতুন ‘জুয়া প্রতিরোধ আইন’ প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। অনলাইন জুয়া, বেটিং এবং এর সঙ্গে সংশ্লিষ্ট অপরাধ দমনে আইনটি চলতি সংসদ অধিবেশনেই উত্থাপন করা হতে পারে।

মাদক নিয়ন্ত্রণ আইন সংশোধনের বিষয়েও তিনি বলেন, বর্তমান আইনের সীমাবদ্ধতা দূর করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে আরও কার্যকর ও আধুনিক করার উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন খসড়া আইনে উন্নত প্রশিক্ষণ, ল্যাবরেটরি সুবিধা এবং নিজস্ব ডগ স্কোয়াড গঠনের মতো বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে।

সামাজিক অনাচার ও প্রযুক্তিনির্ভর অপরাধ মোকাবিলায় সরকার আইনি কাঠামো আরও শক্তিশালী করতে কাজ করছে বলেও সংসদকে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

টিএই/এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর