শিগগিরই দায়িত্বগ্রহণ করবেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ইতোমধ্যেই ভারতের রাষ্ট্রপতি শ্রীমতি দ্রৌপদী মুর্মুর কাছ থেকে লেটারস্ অব ক্রিডেন্স গ্রহণ করেছেন তিনি।
শুক্রবার (৫ জুন) ভারতীয় হাইকমিশনের এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞাপন
হাইকমিশন জানিয়েছে, দীনেশ ত্রিবেদী বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবে তার নিয়োগের জন্য আজ ভারতের রাষ্ট্রপতি শ্রীমতি দ্রৌপদী মুর্মুর কাছ থেকে লেটারস্ অব ক্রিডেন্স গ্রহণ করেছেন। তিনি শিগগিরই ঢাকায় তার দায়িত্বভার গ্রহণ করবেন।
এর আগে গত ২৭ এপ্রিল ভারতের সাবেক রেলমন্ত্রী ও বিজেপি নেতা দিনেশ ত্রিবেদীকে বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে ভারত সরকার। দিনেশ ত্রিবেদী ঢাকায় ভারতের সাবেক হাইকমিশনার প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হচ্ছেন। প্রণয় ভার্মা এরই মধ্যে বেলজিয়ামে ভারতের রাষ্ট্রদূত হিসেবে যোগদান করেছেন।
জানা গেছে, ৭৫ বছর বয়সি দিনেশ ত্রিবেদী ভারতের বর্ষীয়ান রাজনীতিবিদ। পশ্চিমবঙ্গের এই রাজনীতিবিদ তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হিসেবে ভারতের সাবেক কংগ্রেস নেতৃত্বাধীন সংযুক্ত প্রগতিশীল মোর্চা (ইউপিএ) সরকারের কেন্দ্রীয় রেলমন্ত্রী এবং স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনাবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। ২০২১ সালে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি।
এসএইচ/এমএইচআর




