বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের (বিপিজেএ) সদস্য ও বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার কাজী মুহা. আফিফুজ্জামান (কাজী সোহাগ)-কে প্রাণনাশের হুমকি দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিপিজেএ।
বৃহস্পতিবার (৪ জুন) সংগঠনটির কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সভাপতি হারুন জামিল এবং সাধারণ সম্পাদক শওকত আলী খান লিথো এক যৌথ বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করেন।
বিজ্ঞাপন
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, একজন সাংবাদিককে প্রাণনাশের হুমকি দেওয়া গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত নিরাপত্তার ওপর সরাসরি আঘাতের শামিল। তারা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত করে হুমকিদাতাদের শনাক্ত এবং আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান।
একই সঙ্গে সাংবাদিক কাজী সোহাগের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।
জানা গেছে, এ ঘটনায় শেরেবাংলা নগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডিতে উল্লেখ করা হয়, গত ৩০ মে রাজধানীর আগারগাঁও মেট্রোরেল স্টেশনে অবস্থানকালে একটি মোবাইল নম্বর থেকে ফোন করে ফয়সাল নামধারী এক ব্যক্তি সাংবাদিক কাজী সোহাগকে প্রাণনাশের হুমকি দেন।
অভিযোগ অনুযায়ী, হুমকিদাতা তাকে দুবাই থেকে দেশে ফিরে ‘দেখে নেওয়ার’ পাশাপাশি প্রয়োজন হলে ভাড়াটে সন্ত্রাসী দিয়ে হত্যারও হুমকি দেয়। এ ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগে সাংবাদিক কাজী সোহাগ শেরেবাংলা নগর থানায় সাধারণ ডায়েরি করেন।
বিজ্ঞাপন
বিপিজেএ নেতৃবৃন্দ সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে এ ধরনের ঘটনার দ্রুত ও কার্যকর তদন্তের ওপর গুরুত্বারোপ করেন।
/এএস




