বুধবার, ৩ জুন, ২০২৬, ঢাকা

মেট্রোরেল সংলগ্ন কোরবানির হাটের ক্ষয়ক্ষতি তদন্তে ডিএনসিসির কমিটি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩ জুন ২০২৬, ০৫:৫৫ পিএম

শেয়ার করুন:

মেট্রোরেল সংলগ্ন কোরবানির হাটের ক্ষয়ক্ষতি তদন্তে ডিএনসিসির কমিটি
ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে অস্থায়ী গবাদিপশুর হাট পরিচালনার ফলে সম্ভাব্য ক্ষয়ক্ষতি নিরূপণে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (৩ জুন) ডিএনসিসির এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞাপন


বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিএনসিসির আওতাধীন উত্তরা দিয়াবাড়ির ১৬ ও ১৮ নম্বর সেক্টরসংলগ্ন বৌ-বাজার এলাকার খালি জায়গা এবং মেট্রোরেলের পাশ দিয়ে ১৮ নম্বর সেক্টরের সি-ব্লকের খালি মাঠ পর্যন্ত অস্থায়ী গবাদিপশুর হাট পরিচালিত হয়েছে। 

এ হাটের কারণে উত্তরা সেন্টার মেট্রো স্টেশনের নিচের সড়ক ও আশপাশের এলাকায় ময়লা-আবর্জনা, গাছপালা ক্ষতিগ্রস্ত হওয়া, অবকাঠামোগত ভাঙচুর এবং যানবাহন চলাচলের ফলে সৃষ্ট ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে এ কমিটি গঠন করা হয়েছে।

ডিএনসিসি সূত্র জানিয়েছে, কমিটি সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করে পরিবেশ, সড়ক ও অন্যান্য অবকাঠামোর সম্ভাব্য ক্ষয়ক্ষতির বিষয়গুলো মূল্যায়ন করবে। তদন্ত শেষে ক্ষয়ক্ষতির পরিমাণ এবং প্রয়োজনীয় করণীয় সম্পর্কে সুপারিশসহ প্রতিবেদন জমা দেওয়া হবে।


বিজ্ঞাপন


প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন।

এমএইচ/এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর